আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: যশোরের শার্শা সীমান্তে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ। সোমবার বিকেলে ডিবি পুলিশের পক্ষ থেকে তথ্যটি নিশ্চিত করা হয়। এর আগে রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আটককৃত ব্যক্তির নাম ইকবাল হোসেন (৩৩)। তিনি শার্শা উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণপাড়া গ্রামের জাকির হোসেনের ছেলে। সীমান্ত এলাকার নিজামপুর বাজারে দীর্ঘদিন ধরে তিনি মাদক কেনাবেচার সঙ্গে যুক্ত ছিলেন বলে প্রাথমিক তথ্যে জানা গেছে।
ডিবি পুলিশ সূত্র জানায়, গত রোববার দুপুর দুইটার দিকে শার্শা উপজেলার ১১ নম্বর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত নিজামপুর বাজার এলাকায় অভিযানটি পরিচালিত হয়। ওই এলাকার ব্যবসায়ী আবদুস মালেকের চায়ের দোকানের সামনে সুবর্ণখালী বাজার থেকে নিজামপুর বাজারগামী পাকা রাস্তার ওপর সন্দেহভাজন হিসেবে ইকবাল হোসেনকে ঘেরাও করেন ডিবির সদস্যরা। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে যশোর গোয়েন্দা শাখা ডিবি পুলিশের উপ-পরিদর্শক এস আই হাদী উজ্জামান জানান, উদ্ধার করা ইয়াবাসহ আটক আসামিকে আইনি প্রক্রিয়া শেষে ১২ অক্টোবর আদালতে পাঠানো হয়েছে। মাদক নির্মূলে সীমান্ত এলাকায় ডিবি পুলিশের এমন তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839