আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: রংপুরের গংগাচড়া উপজেলার পূর্ব খাপড়ীখাল হাজিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে সহকারী শিক্ষিকা মোছা. মারুফা আক্তার ময়নার বিদায় সংবর্ধনা এবং নবাগত সহকারী শিক্ষক প্রদীপ কুমার রায়কে বরণ করে নেওয়া হয়েছে। সোমবার ১২ অক্টোবর বিদ্যালয়কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সহকর্মীদের স্মৃতিচারণ ও শ্রদ্ধায় এক অভূতপূর্ব আন্তরিক পরিবেশ সৃষ্টি হয়। বিদায়ী শিক্ষিকা মারুফা আক্তার ময়না তাঁর নতুন কর্মস্থল শালবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেছেন।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. অলিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গংগাচড়া উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোছা. নাসরিন আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সুলতান উদ্দিন মধু, সহকারী শিক্ষক মো. মোনায়েম শাহ, বেতগাড়ী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোরশেদুল হক এবং রাজধানী টিভির ব্যুরো প্রধান, কবি ও সাংবাদিক রফিকুল ইসলাম সাবুল। এ ছাড়া বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীদের অভিভাবকেরা উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করেন।
নিজের বিদায়ী বক্তব্যে মোছা. মারুফা আক্তার ময়না অত্যন্ত আবেগপ্রবণ হয়ে বলেন যে, তিনি যেন তাঁর আত্মার আত্মীয়দের ছেড়ে চলে যাচ্ছেন। শিক্ষা দান করতে গিয়ে বা শাসনের সুবিধার্থে কোনো শিক্ষার্থী মনে কষ্ট পেয়ে থাকলে তিনি ক্ষমা প্রার্থনা করেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত যেন মানুষ গড়ার কারিগর হিসেবে নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে পারেন, সেজন্য সকলের নিকট দোয়া চান। সহকর্মীদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাঁকে সব সময় ছায়ার মতো আগলে রেখে পরামর্শ দিয়েছেন এবং সহকর্মীদের অকৃত্রিম ভালোবাসা ও কাটানো মধুর স্মৃতিগুলো তাঁর জীবনে বিশেষ স্থান দখল করে থাকবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সুলতান উদ্দিন মধু আবেগজড়িত কণ্ঠে বলেন, তারা আজ এমন একজন অভিভাবকতুল্য শিক্ষিকাকে বিদায় জানাচ্ছেন, যিনি এই বিদ্যালয়কে নিজের সন্তানের মতো ভালোবাসতেন। অন্যদিকে বেতগাড়ী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোরশেদুল হক বিদায়ী শিক্ষিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন। একই সাথে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন যে, নবাগত সহকারী শিক্ষক প্রদীপ কুমার রায় তাঁর মেধা ও যোগ্যতার সর্বোচ্চ প্রয়োগ ঘটিয়ে শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে ভূমিকা রাখবেন।
প্রধান অতিথির বক্তব্যে গংগাচড়া উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোছা. নাসরিন আক্তার বলেন, শিক্ষকতা নিছক কোনো পেশা নয়, বরং এটি মানুষ গড়ার এক মহান দায়িত্ব। একজন শিক্ষকের জ্ঞান, দক্ষতা ও আদর্শই শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলে। তিনি বিদায়ী শিক্ষিকার নতুন কর্মস্থলে সাফল্য কামনা করে সেখানেও একই দায়িত্ববোধ নিয়ে শিক্ষার মানোন্নয়নে ভূমিকা রাখার পরামর্শ দেন। পাশাপাশি নবাগত শিক্ষক প্রদীপ কুমার রায়কে শুভেচ্ছা জানিয়ে সহকর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে শিক্ষার্থীদের প্রতি আন্তরিক হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে নবাগত সহকারী শিক্ষক প্রদীপ কুমার রায়কে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরেন নেওয়া হয় এবং পরবর্তীতে তিনি নিজেই অত্যন্ত দক্ষতার সঙ্গে পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। সংবর্ধনা ও বরণের এই আয়োজনটির মধ্য দিয়ে শিক্ষক-শিক্ষিকাদের পারস্পরিক শ্রদ্ধা, পেশাগত সৌহার্দ্য ও গভীর ভালোবাসার এক বাস্তব চিত্র ফুটে ওঠে।
এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839