আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: নীলফামারীর ডোমার উপজেলায় আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বামুনিয়া খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে সোমবার বিকেলে স্থানীয় এস সি উচ্চ বিদ্যালয় মাঠে এই ক্রীড়া যজ্ঞ সম্পন্ন হয়। মাঠজুড়ে স্থানীয় ক্রীড়ামোদী মানুষের উপস্থিতিতে পরিবেশ হয়ে ওঠে উৎসবমুখর।
বামুনিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোজাদ্দেদ আলফে সানির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরী। টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডোমার উপজেলা যুবদলের আহ্বায়ক ইফতেখায়রুল আলম তিতুমীর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম বাবু, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব রেজওয়ান কবির সেনা, যুবনেতা মিলউর জামান মিলন, আলী হোসেন এবং নুরুজ্জামান সরকার রিপন সহ যুবদলের স্থানীয় নেতারা।
ধারাবাহিক খেলার অংশ হিসেবে ফাইনাল পর্বের এই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ দেখতে মাঠে ভিড় জমান হাজার হাজার ফুটবলপ্রেমী দর্শক। পুরুষদের পাশাপাশি নারী দর্শকদের চোখে পড়ার মতো উপস্থিতি খেলাটিকে আরও প্রাণবন্ত করে তোলে। ধারাভাষ্যকার রশিদুল ইসলামের প্রাণবন্ত উপস্থাপনায় মাঠে মুখোমুখি হয় নাদিয়া ওয়ারিয়াস এবং বন্ধু স্পোর্টিং ক্লাব।
দুটি শক্ত প্রতিদ্বন্দ্বী দলের মাঠের লড়াই ছিল অত্যন্ত তীব্র ও চমকপ্রদ। বাঘে-সিংহে লড়াইয়ের মতো এই টানটান উত্তেজনার খেলায় বন্ধু স্পোর্টিং ক্লাবকে ২-০ গোলে পরাজিত করে জয়ের হাসি হাসে নাদিয়া ওয়ারিয়াস। তাদের দুর্দান্ত নৈপুণ্যে দলটি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন শিরোপা নিজেদের নামে করে নেয়।
খেলা শেষে আয়োজিত সমাপনী পর্বে আমন্ত্রিত অতিথিরা বিজয়ী দল নাদিয়া ওয়ারিয়াসকে চ্যাম্পিয়ন ট্রফি এবং পরাজিত বন্ধু স্পোর্টিং ক্লাবকে রানার্সআপ ট্রফি তুলে দেন। একই সাথে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় সহ অংশগ্রহণকারী সকল খেলোয়াড়ের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সম্পূর্ণ প্রতিযোগিতাটির সুষ্ঠু ও বর্ণাঢ্য ব্যবস্থাপনায় ছিলেন জয়নাল আবেদীন, আবু হোসেন অন্তর, হাসানুর ইসলাম, মোস্তাফিজুর রহমান এবং সুজন সহ স্থানীয় ক্রীড়া সংগঠকরা।
এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839