আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার বুড়িচংয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস অত্যন্ত গুরুত্বের সঙ্গে উদযাপন করা হয়েছে। দিবসটি পালনের অংশ হিসেবে ভূমিকম্প, অগ্নিকাণ্ড ও বজ্রপাতের মতো বিভিন্ন প্রাকৃতিক ও মানবসৃষ্ট ঝুঁকি মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। মঙ্গলবার সকাল ১১টায় বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় দেবনাথ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা যোবায়ের হাসান, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জাকির হোসেন, বুড়িচং ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো. জহিরুল ইসলাম, স্টেশন মাস্টার আতাউর রহমান, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, বুড়িচং বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. জাহাঙ্গীর আলম এবং বিদ্যালয়ের শিক্ষক মো. তাজুল ইসলাম ও মো. ইসমাইলসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।
আয়োজিত আলোচনা সভায় ভূমিকম্প, অগ্নিকাণ্ড ও বজ্রপাতের ঝুঁকি মোকাবিলা এবং দুর্যোগকালীন সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমিয়ে আনার নানা দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। একই সঙ্গে যেকোনো জরুরি দুর্যোগের সময় জানমালের নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে ব্যক্তিগত সচেতনতা বৃদ্ধি, পারিবারিক পূর্বপ্রস্তুতি গ্রহণ এবং সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা গভীরভাবে তুলে ধরা হয়। এই র্যালি ও আলোচনা সভার মাধ্যমে উপস্থিত শিক্ষার্থীসহ সাধারণ মানুষের মাঝে দুর্যোগের ঝুঁকি সম্পর্কে স্পষ্ট সচেতনতা তৈরি করা হয় এবং একটি নিরাপদ জীবনযাপনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের জন্য উৎসাহিত করা হয়।
এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839