আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: কক্সবাজারের টেকনাফে জাদিমুড়া ২৭ নম্বর ক্যাম্প থেকে অপহরণের শিকার এক রোহিঙ্গা যুবককে মাত্র দুই ঘণ্টার ব্যবধানে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন। উদ্ধার হওয়া যুবকের নাম সৈয়দ আমিন। তিনি ২৭ নম্বর ক্যাম্পের বি/১৩ ব্লকের বাসিন্দা ইন্না আমিনের ছেলে। ঘটনার পরপরই পুলিশ দ্রুত আভিযানিক দল গঠন করে গহিন পাহাড়ের দিকে অভিযান শুরু করলে দুর্বৃত্তরা তাকে ছেড়ে পালাতে বাধ্য হয়।
রোববার রাত সাড়ে ৯টার দিকে জাদিমুড়া ২৭ নম্বর ক্যাম্পের বি/৪ ব্লকের বাসিন্দা আবদুল আমিনের চায়ের দোকানের সামনে অবস্থান করছিলেন সৈয়দ আমিন। এ সময় ১০ থেকে ১২ জনের একটি অজ্ঞাত সশস্ত্র দল হঠাৎ সেখানে এসে তাকে জোরপূর্বক ধরে নিয়ে যায়। উপস্থিত লোকজনের চোখ এড়িয়ে তাকে দ্রুত পাহাড়ি এলাকায় নিয়ে যাওয়া হয়। ঘটনার ভয়াবহতা টের পেয়ে স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানতে পারে ১৬ এপিবিএনের সদস্যরা।
খবর পাওয়ার সাথে সাথেই পদক্ষেপ নেন জাদিমুড়া এপিবিএন পুলিশ ক্যাম্পের ক্যাম্প ইনচার্জ পুলিশ পরিদর্শক হরিদাস মন্ডল। তিনি কালবিলম্ব না করে রাত্রীকালীন ডিউটি পার্টি ও উপপরিদর্শক শাহীনসহ ১৫ সদস্যের একটি বিশেষ আভিযানিক দল গঠন করেন। দ্রুত উদ্ধার কাজ পরিচালনার জন্য পুলিশ দলটি ঘটনাস্থল ও তৎসংলগ্ন এলাকায় জোরদার তল্লাশি চালানো শুরু করে।
পুলিশের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান অব্যাহত রাখা হয়। তল্লাশির একপর্যায়ে ক্যাম্পের বি/১৩ ব্লকের কাঁটাতারসংলগ্ন পাহাড়ি এলাকায় পৌঁছায় এপিবিএনের আভিযানিক দলটি। সেখানে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা আর ঝুঁকি নেয়নি। তারা অপহৃত সৈয়দ আমিনকে পাহাড়ের ঢালে ছেড়ে দিয়ে অন্ধকারের সুযোগে গহিন পাহাড়ে পালিয়ে যায়। এরপর পুলিশ সদস্যরা তাকে সুস্থ ও অক্ষত অবস্থায় উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসেন।
উদ্ধারের পর সৈয়দ আমিনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ শেষে রাত ১১টা ৪০ মিনিটের দিকে তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়। স্বজনরা তাকে নিরাপদে ফেরত পেয়ে স্বস্তি প্রকাশ করেন। এ ঘটনায় জাদিমুড়া এপিবিএন ক্যাম্পে আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839