আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: রাজধানীর কোলঘেঁষা কেরানীগঞ্জ দক্ষিণ এলাকার সড়কগুলোতে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে পোহাতে হচ্ছিল তীব্র যানজটের ভোগান্তি। প্রতিদিনের এই ট্রাফিক বিশৃঙ্খলা আর জনদুর্ভোগ কাটিয়ে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবার সরাসরি মাঠে নেমেছেন ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন। রোববার তিনি কদমতলী বাস টার্মিনালসহ ওই এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ ট্রাফিক পয়েন্ট সরেজমিনে ঘুরে দেখেন এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে তিনি কেবল দূর থেকে পরিস্থিতি দেখেননি, বরং সড়কে চলাচলকারী সাধারণ মানুষ, পথচারী এবং পরিবহন খাতের সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গের সঙ্গে সরাসরি কথা বলেন। যানজটের মূল কারণগুলো কী, প্রতিদিন সাধারণ মানুষকে কী ধরনের কষ্ট সহ্য করতে হয় এবং পুলিশের নেওয়া পদক্ষেপগুলো কতটুকু কাজে আসছে, সে বিষয়ে তিনি উপস্থিত সবার মতামত ও পরমর্শ শোনেন। স্থানীয় অধিবাসীরা ঢাকা জেলা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানান। বিশেষ করে সড়ক ও ফুটপাত থেকে অবৈধ হকার উচ্ছেদ এবং দখলমুক্ত করার ফলে সাধারণ মানুষের হাঁটাচলা যে আগের চেয়ে অনেক সহজ ও নিরাপদ হয়েছে, সে কথা তারা তুলে ধরেন। যান চলাচলেও কিছুটা হলেও ধারাবাহিকতা ফিরে এসেছে বলে তারা পুলিশ সুপারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অভিযানের অগ্রগতি পর্যালোচনা করে পুলিশ সুপার শামীমা পারভীন জানান, সাধারণ মানুষের প্রতিদিনের যাতায়াত যেন নির্বিঘ্ন ও চাপমুক্ত হয়, সে লক্ষ্যেই ঢাকা জেলা পুলিশ প্রতিনিয়ত কাজ করছে। সড়কে শৃঙ্খলা আনা এবং জনদুর্ভোগ কমানোর জন্য যেসব ব্যবস্থা নেওয়া হয়েছে, তা সাময়িক নয় বরং ভবিষ্যতেও একইভাবে বজায় রাখা হবে। একটি নিরাপদ, সুশৃঙ্খল এবং যানজটমুক্ত সড়ক ব্যবস্থা গড়ে তোলার জন্য তিনি সমাজের সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

এই পরিদর্শনকালে পুলিশ সুপারের সঙ্গে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস্ অ্যান্ড ট্রাফিক-দক্ষিণ) তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুবাস চন্দ্র সাহা, ঢাকা জেলা ট্রাফিক পুলিশের টিআই প্রশাসন (দক্ষিণ) শহিদুল আলম এবং ঢাকা জেলা ডিবি দক্ষিণের অফিসার ইনচার্জ আশফাক রাগীব হাসান। এ ছাড়া ঢাকা জেলা পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ সেখানে উপস্থিত ছিলেন।
এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839