আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান পরিচালনা করে এক লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন রোহিঙ্গা মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)। শনিবার দুপুর আড়াইটার দিকে টেকনাফ থানার ৪ নম্বর ওয়ার্ডের মহেশখালীপাড়া মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন পুরুল্লার ঘাট এলাকায় এই সফল অভিযান পরিচালিত হয়।

এসআরবি-১৫-এর সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পায় যে কয়েকজন মাদক কারবারি বিপুল পরিমাণ ইয়াবা বিক্রির উদ্দেশ্যে পুরুল্লার ঘাট এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে অভিযান চালান। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ঘটনাস্থল থেকেই তিনজনকে আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন উখিয়ার কুতুপালং ক্যাম্পের ইমাম হোসেন (৪৫), বালুখালী ক্যাম্পের নূর আলম (২৭) এবং জম মুল্লোক (৫০)। আটকের পর তাদের দেহে ও হেফাজতে তল্লাশি চালিয়ে মোট ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক কেনাবেচা ও যোগাযোগের কাজে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং একটি বাটন মোবাইল ফোনও জব্দ করেন অভিযানকারী সদস্যরা।
গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের আইনগত প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট এবং জব্দকৃত অন্যান্য মালামালসহ আসামীদের পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে এসআরবি-১৫।
এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839