রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা নদীতে পরিচালিত মাদকবিরোধী অভিযানে ১০০ বোতল নিষিদ্ধ Eskuf সিরাপ ও একটি শ্যালো মেশিন ইঞ্জিনচালিত নৌকা উদ্ধার করেছে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ।
সোমবার (২৭ জুলাই) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের ছালাপাক চর সংলগ্ন তিস্তা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, তিস্তা নদীপথে নৌকাযোগে মাদক পরিবহন করা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে গঙ্গাচড়া মডেল থানার একটি টিম অভিযান চালায়। এ সময় মাদক কারবারিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে নৌকা থেকে নদীতে লাফিয়ে পালিয়ে যায়।
পরে তল্লাশি চালিয়ে নৌকায় থাকা দুটি প্লাস্টিকের বস্তা থেকে ১০০ বোতল Eskuf সিরাপ উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি শ্যালো মেশিন ইঞ্জিনচালিত নৌকাও জব্দ করা হয়।
এ ঘটনায় পলাতক মাদক কারবারিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।