‘ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা’ প্রতিপাদ্যকে কেন্দ্র করে দিনাজপুরের বীরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন করা হয়েছে। বুধবার দুপুরে বীরগঞ্জ উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে এই কর্মসূচির আয়োজন করা হয়। সার্বিক আয়োজনে সহযোগিতা করে উত্তরবঙ্গ উন্নয়ন স্কুল। দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা এবং পরিবেশ সুরক্ষায় গাছের চারা বিতরণ।

অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বীরগঞ্জের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা যুব উন্নয়ন অফিসার জামিল উদ্দীন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বর্মন।
আলোচনা সভায় বক্তারা তরুণ সমাজের ভূমিকা, সমাজ গঠনে যুবদের অবদান এবং নতুন প্রেক্ষাপটে তাদের সম্ভাবনার কথা তুলে ধরেন। তারা বলেন, পরিবর্তিত সময়ের সাথে সাথে যুব সমাজের কাজের পরিধি ও চিন্তা ধারায় পরিবর্তন আসলেও তাদের মৌলিক আকাঙ্ক্ষা একটাই, আর তা হলো সমৃদ্ধ ও বৈষম্যহীন সমাজ গঠন। তরুণদের দক্ষতা বৃদ্ধি ও আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে জাতীয় উন্নয়নে তাদের আরও বেশি সম্পৃক্ত করার আহ্বান জানান বক্তারা।

সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে উপস্থিত অংশগ্রহণকারী ও যুবদের মাঝে পরিবেশের ভারসাম্য রক্ষায় বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। স্থানীয় প্রশাসন, যুব উন্নয়ন অধিদপ্তর এবং সাধারণ যুবদের সক্রিয় উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।