দিনাজপুরের বীরগঞ্জে জুলাই সনদ তথা গণভোটের গণরায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে রাজপথে প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। বুধবার সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ শাখার উদ্যোগে একটি বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বীরগঞ্জ উপজেলা শাখা নায়েবে আমির একেএম কাওছার এবং জেলা জামায়াত শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি ও দল ঘোষিত বীরগঞ্জ পৌর মেয়র প্রার্থী রাশেদুন নবী বাবুসহ ১১ দলীয় জোটের শত শত নেতাকর্মী নানা দাবি সম্বলিত ব্যানার হাতে নিয়ে এই গণমিছিল ও সমাবেশে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে বিশাল গণমিছিলটি বীরগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে নেতাকর্মীরা ঠাকুরগাঁও বাস স্ট্যান্ড সংলগ্ন সমাবেশ স্থলে গিয়ে মিলিত হন। সেখানে জামায়াতে ইসলামী ও তাদের শরীক দলের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ শাখার আমির ক্বারী আজিজুর রহমানের সভাপতিত্বে সমাবেশটি পরিচালিত হয়। পুরো কর্মসূচিটি দক্ষতার সাথে সঞ্চালনা করেন উপজেলা শাখার সেক্রেটারি মনজুরুল ইসলাম।
সমাবেশে আন্দোলনকারীদের দাবির সাথে পূর্ণ একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন উপস্থিত নেতারা। কর্মসূচি পরিচালনায় ও সমর্থনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গত জাতীয় সংসদ নির্বাচনে দল মনোনীত প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ মতিউর রহমান। সমাবেশে উপস্থিত বক্তারা অবিলম্বে সংগঠিত গণভোটের গণরায় তথা জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানান। একই সাথে জুলাই গণহত্যার সুনির্দিষ্ট বিচার প্রক্রিয়া সম্পন্ন করে এতে জড়িত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। বক্তারা ন্যায়বিচারের গুরুত্ব তুলে ধরে স্পষ্টভাবে জানিয়ে দেন যে, তাদের এই যুক্তিসঙ্গত দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথের এই কর্মসূচি ও আন্দোলন নিরবচ্ছিন্নভাবে অব্যাহত থাকবে।