দিনাজপুরের বীরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান সফল করার লক্ষ্য নিয়ে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ আগস্ট সকালে বীরগঞ্জ দলীয় কার্যালয়ে দিনাজপুর-১ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম মনজুর নির্দেশনায় এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান আলোচনার বিষয় ছিল আন্দোলন-সংগ্রামের চেতনাকে ধারণ করে তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করা এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় একযোগে কাজ করে যাওয়া।
পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহারের সভাপতিত্বে আয়োজিত এই আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা, সাবেক ভিপি ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রেজওয়ানুল ইসলাম রিজু। তিনি তাঁর বক্তব্যে বলেন, রাজপথের ত্যাগ ও সাধারণ মানুষের অংশগ্রহণে অর্জিত গণঅভ্যুত্থানকে অর্থবহ করতে হলে আমাদের সবাইকে রাজনৈতিকভাবে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে। সাধারণ মানুষের আকাঙ্ক্ষা পূরণ করাই হবে এই আন্দোলনের প্রধান লক্ষ্য।
সভায় আরও বক্তব্য রাখেন বীরগঞ্জ যুবদলের সদস্য সচিব ও মরিচা ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী তানভীর চৌধুরী। তিনি তরুণ সমাজকে দেশের প্রতিটি গণতাত্ত্বিক প্রক্রিয়ায় অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান। এছাড়া উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সুজালপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী শওকত জুলিয়াস জুয়েল এবং আগামী পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী বাবু সুভাষ দাস বক্তব্য প্রদান করেন। বক্তারা তাঁদের বক্তব্যে বীরগঞ্জের মাটি ও মানুষের কল্যাণে আগামীর পথচলায় সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বীরগঞ্জ উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা, উপজেলা ও স্থানীয় পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। সভার শেষ অংশে আগামীর রাজনৈতিক কর্মসূচি সফল করতে এবং তৃণমূলের সাংগঠনিক শক্তি আরও জোরদার করার সর্বসম্মত অঙ্গীকার ব্যক্ত করা হয়।