1. info2@icrbd24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@icrbd24.com : admin :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
ঈদুল আজহা উপলক্ষে

দেবীগঞ্জে কঠোর নিরাপত্তায় যৌথ বাহিনী: ডিজে পার্টি ও বেপরোয়া বাইকিংয়ে নিষেধাজ্ঞা

শেখ ফরিদ। দেবীগঞ্জ, পঞ্চগড়
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেবীগঞ্জ উপজেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে যৌথ বাহিনী। সড়ক দুর্ঘটনা, ছিনতাই, এবং জননিরাপত্তা বিঘ্নিত হয় এমন কর্মকাণ্ড রোধে প্রশাসন এবার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা জানিয়েছেন, ঈদের দুই দিন আগে থেকে এবং ঈদের দুই দিন পর পর্যন্ত মহেন্দ্র গাড়িতে ইট-বালু লোড করে রাস্তায় চলাচল সরকারি নির্দেশনায় নিষিদ্ধ করা হয়েছে।

ওসি সোয়েল রানা ঈদ উপলক্ষে বিশেষ করে কিছু যুবকের উচ্চস্বরে সাউন্ড বক্স বাজিয়ে ডিজে পার্টি করার প্রবণতা সম্পর্কে সতর্ক করেছেন। তিনি উল্লেখ করেন, এ ধরনের কর্মকাণ্ড সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। তাই এবার রাস্তায় প্রশাসন কঠোর অবস্থানে থাকবে। ডিজে পার্টি সম্পূর্ণরূপে বন্ধ থাকবে এবং যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান ডিজে পার্টির জন্য পিকআপ, ভ্যান বা অন্য কোনো যানবাহন, মাইক ও সাউন্ড বক্স ভাড়া দেন, তাদের তা না দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। আইন অমান্যকারীদের যানবাহনসহ শব্দযন্ত্র জব্দ করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়াও, মোটরসাইকেল চালকদের জন্য বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে। চালকদের অবশ্যই গাড়ির কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স এবং হেলমেট নিয়ে বের হতে হবে। দ্রুত গতিতে মোটরসাইকেল চালানো এবং গাড়িতে তিন জন আরোহী বহন করা যাবে না। অনিয়ন্ত্রিত বাইকারদের, বিশেষ করে অপ্রাপ্তবয়স্ক ছেলেদের বেপরোয়া বাইক চালানো রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং প্রয়োজনে বাইক জব্দ করা হবে।

ঢাকা থেকে রাতে দেবীগঞ্জে আগত যাত্রীদের জন্য ওসি সোয়েল রানা সতর্ক বার্তা দিয়েছেন। তিনি অনুরোধ করেছেন, তারা যেন অপরিচিত কোনো গাড়িতে না ওঠেন এবং সকাল না হওয়া পর্যন্ত স্ট্যান্ডে অবস্থান করেন। কোনো সমস্যা মনে হলে বা কাউকে সন্দেহ হলে দ্রুত প্রশাসনের সাথে যোগাযোগ করতে অথবা ৯৯৯ নম্বরে কল দিতে বলা হয়েছে।

ওসি সোয়েল রানা আরও জানান, ঈদের সময় ছিনতাই রোধে সন্ধ্যা বা রাতের বেলা ময়নামতি ও কৃষি ফার্মের ভিতরে অবস্থান করা নিষেধ। দেবীগঞ্জ থানা পুলিশ ও সেনাবাহিনী রাতভর রাস্তায় টহল দিচ্ছে বলে তিনি নিশ্চিত করেছেন। দেবীগঞ্জ উপজেলায় ঈদ উদযাপনে শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2013- 2026