আশ্বিনের বাতাসে বইছে শারদীয়ার মিষ্টি গন্ধ। সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার ক্ষণগণনা চলছে। দুর্গাপূজাকে ঘিরে দেশজুড়ে মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রঙিন সাজে সেজেছে রাজধানীর রমনা কালী মন্দিরও।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর রমনা কালী মন্দির প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, চলছে মণ্ডপ তৈরির কাজ, প্রতিমায় লাগছে রং তুলির আঁচড়, আলোকসজ্জা, নিরাপত্তা ব্যবস্থা সব মিলিয়ে বিরাজ করছে উৎসবের আমেজ।

প্রধান ফটক পেরিয়ে ভেতরে যেতেই সেখানেও দেখা মেলে বাঁশ কাঠ দিয়ে প্যন্ডেল নির্মাণে ব্যস্ত শ্রমিকদের। অনুষ্ঠানের জন্য প্রস্তুত করা হয়েছে একটি মঞ্চও। বাঁশ-কাঠ দিয়ে নির্মাণাধীন প্যন্ডেলের ওপরে তাবু টাঙানোর কাজ করছেন সাজসজ্জা সংশ্লিষ্ট নির্মাণ শ্রমিকরা। নিচেই রেখে দেওয়া হয়েছে রঙ্গিন প্রতিমা। ঠিক তারপাশেই রয়েছে প্যান্ডেলের কাজে ব্যবহারের জন্য রঙ্গিন কাপড়।
ডেকোরেশন সংশ্লিষ্ট শ্রমিক জাহাঙ্গীর বলেন, হাতে সময় বেশি নেই। আজ আর কালকের দিনটা আছে মাত্র। আশা করছি আজকে রাতের মধ্যে ডেকোরেশনের কাজ শেষ করে ফেলতে পারবো। আগামীকাল লাইটিংয়ের কাজ শুরু করবো। কালই রাতের মধ্যে শেষ হয়ে যাবে।
এছাড়াও মন্দির প্রাঙ্গণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করা গেছে।