আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নের কিশামত শেরপুর এলাকার ৬ নম্বর ওয়ার্ডে স্বেচ্ছাশ্রমে ১০টি মেঠো রাস্তা সংস্কার ও মাটি ভরাটের কাজ শুরু করেছেন নবগঠিত কিশামত শেরপুর মানব কল্যাণ সংঘের সদস্যরা।
শুক্রবার সকাল ৭টার দিকে জলিরপাড় গ্রামে এই রাস্তা সংস্কার ও মাটি ভরাটের কাজ করতে দেখা যায় সংগঠনের সদস্যদের। সংগঠনের সভাপতি থেকে শুরু করে সাধারণ সদস্যরাও স্বতঃস্ফূর্তভাবে এই কাজে অংশ নিয়েছেন।
স্থানীয় যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং জনদুর্ভোগ কমানোর লক্ষ্যেই মূলত তাঁরা স্বেচ্ছাশ্রমে এই উদ্যোগ গ্রহণ করেছেন বলে জানান সংগঠনের নেতারা। এলাকার মানুষের কল্যাণে কাজ করার উদ্দেশ্যে তাঁরা এই সংগঠন গড়ে তুলেছেন।
সংগঠনের নেতারা জানান যে নিজস্ব উদ্যোগে ও স্বেচ্ছাশ্রমের মাধ্যমে তাঁরা রাস্তা সংস্কারের এই কাজ চালিয়ে যাচ্ছেন। তবে এলাকার ভাঙাচোরা এসব রাস্তার স্থায়ী উন্নয়নে আরও সহযোগিতার প্রয়োজন রয়েছে।
গঙ্গাচড়া আসনের সংসদ সদস্য রায়হান সিরাজীর দৃষ্টি আকর্ষণ করে সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে যে তিনি যদি রাস্তা সংস্কারের এই কাজে আরও সহযোগিতা করেন, তবে ৬ নম্বর ওয়ার্ডের ভাঙাচোরা রাস্তাগুলোর দুর্ভোগ অনেকটাই কমানো সম্ভব হবে।
এলাকার স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন যে রাস্তা সংস্কারে সংগঠনটির সদস্যরা যে প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন, তা অত্যন্ত যুগোপযোগী। স্বেচ্ছাশ্রমে রাস্তার উন্নয়নে তাঁদের এই প্রচেষ্টা এলাকার মানুষের দীর্ঘদিনের উপকারে আসবে।
কাজ চলাকালে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা এরশাদ মিয়া, সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মমিনুর রহমান এবং উপদেষ্টামণ্ডলীর সদস্য নুর মোস্তফা বুলু মাস্টার, মির্জা মিয়া, মুসলিম উদ্দিন, আবদুল হাদি, হাফেজ জয়নাল আবেদিন, লাল মিয়া, আবু সাইদ, আনোয়ারুল ইসলাম, মিটু মিয়া, সাদেকুল ইসলাম, এরশাদ হোসেন ও দুলাল মিয়া।
এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়নে সংগঠনটির এই স্বেচ্ছাশ্রমমূলক উদ্যোগ অব্যাহত থাকলে স্থানীয় মানুষের দীর্ঘদিনের রাস্তা-সংক্রান্ত দুর্ভোগ অনেকাংশেই কমে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এডিটর: আই জামান চমক। হোয়াটসঅ্যাপ: 01718456839