আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: চাঁপাইনবাবগঞ্জের আমনুরা রেলস্টেশন থেকে নিয়ামতপুর, সাপাহার, নজিপুর, মহাদেবপুর ও বদলগাছী হয়ে জয়পুরহাটের আক্কেলপুর রেলস্টেশন পর্যন্ত একটি নতুন রেলপথ নির্মাণের উজ্জ্বল সম্ভাবনা তৈরি হয়েছে। এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনের লক্ষ্যে প্রস্তাবিত এই রেলপথটির সম্ভাব্যতা যাচাইয়ের আনুষ্ঠানিক উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। এতে করে দীর্ঘদিন ধরে অবহেলিত নওগাঁর কয়েকটি গুরুত্বপূর্ণ উপজেলার মানুষের মাঝে নতুন এক আশার সঞ্চার হয়েছে।
মূলত পূর্বে নির্বাচনী প্রচারণায় এসে প্রধানমন্ত্রী আমনুরা থেকে আক্কেলপুর পর্যন্ত একটি আধুনিক ও সংযোগকারী রেললাইন নির্মাণের সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই ঐতিহাসিক প্রতিশ্রুতির আলোকেই এবার বাস্তবে রুপ দিতে প্রস্তাবিত রেলপথের সম্ভাব্যতা যাচাইয়ের প্রাথমিক কার্যক্রম শুরুর প্রস্তুতি নেওয়া হচ্ছে। এলাকার মানুষের বহুল প্রতিক্ষিত এই দাবিটি দ্রুত বাস্তবায়নে প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলো এখন তৎপর হয়ে উঠছে।
এই কাজেরই অংশ ও ধারাবাহিকতায় গত মঙ্গলবার ১৩ অক্টোবর আমনুরা রেলস্টেশন সরজমিনে পরিদর্শনে যান নওগাঁ-৩ মহাদেবপুর-বদলগাছী আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। পরিদর্শনকালে তিনি আমনুরা স্টেশন এবং সংলগ্ন এলাকার সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন এবং উপস্থিত সাধারণ মানুষ ও স্থানীয় নেতৃবৃন্দের সাথে এই রেলপথের গুরুত্ব ও সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
খসড়া পরিকল্পনা অনুযায়ী নতুন এই রেলপথটি চাঁপাইনবাবগঞ্জের আমনুরা স্টেশন থেকে শুরু হয়ে নওগাঁর নিয়ামতপুর, সাপাহার, নজিপুর, মহাদেবপুর ও বদলগাছী উপজেলার ওপর দিয়ে গিয়ে জয়পুরহাটের আক্কেলপুর রেলস্টেশনের সাথে সংযুক্ত হবে। ফলে এটি উত্তরবঙ্গের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও যোগাযোগ করিডোর হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। তবে এই রেলপথের চূড়ান্ত পথ নকশা অর্থাৎ রুট এবং নির্মাণ সংক্রান্ত বিষয়ে রেলওয়ে বা সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের কর্তৃপক্ষের আনুষ্ঠানিক চূড়ান্ত সিদ্ধান্ত এখনো জানা সম্ভব হয়নি।
যদি এই প্রস্তাবিত রেলপথটি শেষ পর্যন্ত বাস্তবে রূপ লাভ করে, তবে নওগাঁ ও আশেপাশের কয়েকটি জেলার প্রান্তিক মানুষের যাতায়াতব্যবস্থা আগের চেয়ে অনেক বেশি সহজ ও দ্রুত হবে। শুধু যাত্রী পরিবহনই নয়, বিশাল এই কৃষিপ্রধান অঞ্চলের উৎপাদিত ধান, আম ও অন্যান্য কৃষিপণ্য খুব কম খরচে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়া সম্ভব হবে। এতে করে স্থানীয় ব্যবসা-বাণিজ্যের অভাবনীয় প্রসার ঘটবে এবং সার্বিক গ্রামীণ অর্থনীতিতে এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে যাবে।
বর্তমানে সাধারণ মানুষ, স্থানীয় ব্যবসায়ী ও সকল স্তরের এলাকাবাসী অত্যন্ত আশাবাদ নিয়ে প্রস্তাবিত এই রেলপথের সম্ভাব্যতা যাচাইয়ের ফলাফলের দিকে তাকিয়ে আছেন। তারা চান দ্রুততম সময়ের মধ্যে রুট নির্ধারণের কাজটি শেষ করে মূল কাজ শুরু করা হোক, যাতে তাদের দীর্ঘদিনের স্বপ্ন দ্রুত বাস্তবে পরিণত হয়।
এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839