আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: নওগাঁর মহাদেবপুর ও মান্দায় অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী দাশাই কারাম উৎসব ২০২৬। পাহাড় ও সমতলের আদিবাসী জনগোষ্ঠীর সমৃদ্ধ সংস্কৃতি, প্রাচীন ঐতিহ্য এবং নিজস্ব রূপ ও পরিচয় সবার সামনে তুলে ধরতে এই বিশেষ আয়োজনের ব্যবস্থা করা হয়। আনন্দঘন এই উৎসবের মাধ্যমে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মাঝে পারস্পরিক শ্রদ্ধা, গভীর সৌহার্দ্য এবং সামাজিক সম্প্রীতি আরও জোরদার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মহাদেবপুর উপজেলার দেওয়ানপুর আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই উৎসব উপলক্ষে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন নওগাঁ ৩ মহাদেবপুর বদলগাছী আসনের সংসদ সদস্য মোঃ ফজলে হুদা বাবুল। তিনি আদিবাসী সম্প্রদায়ের কালচার ও ঐতিহ্য রক্ষায় এ ধরনের আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি, নওগাঁ জেলা হিউম্যান রাইটস সভাপতি, মহাদেবপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, নওগাঁ জেলা পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের সভাপতি, মহাদেবপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং নওগাঁ জেলা খালেদা জিয়া স্মৃতি সংসদ কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ সাজ্জাদ হোসেন সাজ্জাদ।
এদিকে জাতীয় আদিবাসী পরিষদ মান্দা উপজেলা শাখার উদ্যোগেও নানান বৈচিত্র্যময় আয়োজনের মধ্য দিয়ে ৭ম ঐতিহ্যবাহী দশরাই কারাম উৎসব উদযাপিত হয়েছে। এই উৎসবকে কেন্দ্র করে আদিবাসী জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী নাচ, গান ও নিজস্ব সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা। গত ২২ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের কালীসফা গ্রামের কালিতলা মাঠে আনুষ্ঠানিকভাবে এ উৎসব শুরু হয়। দিনব্যাপী অনুষ্ঠানে ছিল ঐতিহ্যবাহী কারাম পূজা, চোখঝাঁকানো সাংস্কৃতিক অনুষ্ঠান, গুণীজন সংবর্ধনা, আলোচনা সভা এবং প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণী পর্ব।
মান্দা এলাকার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন নওগাঁ ৪ মান্দা আসনের সংসদ সদস্য ডাক্তার একরামুল বারী টিপু। তিনি তাঁর বক্তব্যে আদিবাসী জনগোষ্ঠীর হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের ওপর জোর দেন এবং সামাজিক ও সাংস্কৃতিক সম্প্রীতি বজায় রাখার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করেন।
জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি লক্ষন উরাওয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ আতিয়া খাতুন এবং মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন। এছাড়াও স্থানীয় সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে উৎসবের আনন্দ উপভোগ করেন।
এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839