মাদক সেবন মানুষের মনুষ্যত্ববোধ ও বিবেককে ধ্বংস করে দেয়, তাই একটি সুস্থ ও সুন্দর সমাজ পেতে খেলাধুলার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম।
তিনি বলেন, মাদক মানুষকে এক অন্ধকার ধ্বংসের পথে ঠেলে দেয়, অন্যদিকে খেলাধুলা জীবনের সুস্থতা ফিরিয়ে আনে। এ কারণে আমাদের যুবসমাজকে মাদকের নেশায় আসক্ত না হয়ে খেলাধুলার প্রতি আসক্ত হতে হবে। সম্প্রতি রংপুরে ঘটা চারজনের বিয়োগান্তক ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, মাদক কিভাবে মানুষের বিবেক ও মনুষ্যত্ববোধ ধ্বংস করে দেয়, সেই ঘটনা আমাদের আবার মনে করিয়ে দিয়েছে।
তিনি আরও বলেন, বর্তমান সরকারের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রকে বিশেষ প্রাধান্য দিয়েছেন। সেই ভাবনার ধারাবাহিকতায় মাদক এবং মোবাইল আসক্তির হাত থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখার সবচেয়ে কার্যকরী উপায় হলো তাদের বেশি করে খেলার মাঠে ও সাংস্কৃতিক চর্চায় যুক্ত করা।
রবিবার বিকেলে পঞ্চগড় জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এর আগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় সংগীত পরিবেশন, বেলুন ও পায়রা উড়িয়ে তিনি টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলোর পতাকা উত্তোলন করা হয় এবং অতিথিরা মাঠে নেমে খেলোয়াড়দের সাথে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শুকরিয়া পারভীন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সদস্য আইনজীবী রীনা পারভীন এবং জেলা জামায়াতের আমির ইকবাল হোসাইন। এছাড়া জেলা ক্রীড়া সংস্থা ও স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানিয়েছেন, এই টুর্নামেন্টে পঞ্চগড় জেলার পাঁচটি উপজেলা এবং তিনটি পৌরসভার ফুটবল দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় দেবীগঞ্জ পৌরসভা একাদশ হাড্ডাহাড্ডি লড়াই শেষে ৪-৩ গোলের ব্যবধানে আটোয়ারী উপজেলা একাদশকে পরাজিত করে টুর্নামেন্টে শুভ সূচনা করেছে।