কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে কুড়িগ্রাম-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী জনাব সাইফুর রহমান রানাকে বিজয়ী করার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেদার ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব সৈয়দ আহমেদ বাচ্চু ব্যাপ্যারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেদার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ আনিছুর রহমান তোলা ব্যাপ্যারী।
সভায় কেদার ইউনিয়ন বিএনপির বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, জাতীয় পার্টি যদি টাকা দিয়ে ভোট কেনার কোনো অপচেষ্টা চালায়, তবে জনগণ ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে। তারা আরও বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপির প্রতীক ধানের শীষের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বক্তারা ভোটের মাঠে কোনো ধরনের অনিয়ম, প্রভাব বিস্তার কিংবা ষড়যন্ত্রের চেষ্টা হলে তা কঠোরভাবে প্রতিরোধ করতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সর্বোচ্চ সজাগ থাকার আহ্বান জানান।
এছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-১ আসনে জনাব সাইফুর রহমান রানাকে বিজয়ী করতে ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে যোগাযোগ জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। একই সঙ্গে শান্তিপূর্ণ, শৃঙ্খলাবদ্ধ ও ঐক্যবদ্ধভাবে সকল দলীয় কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানানো হয়।
সভা শেষে দলীয় কর্মসূচি সফল করা এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে সর্বস্তরের জনগণের সহযোগিতা ও দোয়া কামনা করা হয়।