টাঙ্গাইল জেলার সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ নির্মূল করতে জেলা পুলিশের ব্যাপক তৎপরতা অব্যাহত রয়েছে। জেলার প্রতিটি থানা ও ইউনিটের ইনচার্জদের সরাসরি মাঠে থেকে কঠোর অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার। সেই নির্দেশের পরপরই জেলাজুড়ে শুরু হয় বিশেষ সাঁড়াশি অভিযান। গত ২৪ ঘণ্টার এই টানা অভিযানে মাদক ব্যবসায়ী, নিয়মিত মামলার আসামি এবং পরোয়ানাভুক্ত আসামিসহ সর্বমোট ২৮ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।

এই অভিযানে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে মাদক দমনে। পুলিশের বিভিন্ন ইউনিটের মাদকবিরোধী অভিযানে ১৪৮ পিস ইয়াবা এবং এক কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এসব মাদক কেনাবেচা এবং পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে সাতজন মাদক ব্যবসায়ীকে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, মাদকের এই মরণনেশা থেকে তরুণ সমাজকে রক্ষা করতে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।

মাদক উদ্ধার ছাড়াও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রিভেন্টিভ বা প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে বেশ কয়েকজনকে হেফাজতে নেওয়া হয়েছে। একই সাথে আদালতের পরোয়ানাভুক্ত ও বিভিন্ন নিয়মিত মামলায় পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশি তৎপরতা ছিল চোখে পড়ার মতো। টাঙ্গাইল জেলা পুলিশ স্পষ্ট জানিয়ে দিয়েছে, অপরাধী যে-ই হোক, আইনের হাত থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ নেই।সা

ধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও শান্তি বজায় রাখতে এ ধরনের অভিযান আগামী দিনগুলোতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে। নিরাপদ জেলা গড়তে জনগণের সহযোগিতা চেয়ে টাঙ্গাইল জেলা পুলিশ অনুরোধ করেছে, যে কোনো অপরাধ বা অপরাধীর তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করতে, যাতে সেবার হাত সবার কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয়।