রংপুরে নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক-এর সঙ্গে জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) সকাল ১১টা ৩০ মিনিটে Rangpur District Police-এর উদ্যোগে আয়োজিত এ সভায় পুলিশ সুপার রংপুর জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, পুলিশের কার্যক্রমকে জনবান্ধব, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, সমাজ উন্নয়ন ও অপরাধ দমনে পুলিশ ও গণমাধ্যমের সমন্বিত কাজই সফলতার মূল চাবিকাঠি। পাশাপাশি গণমাধ্যমকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে উল্লেখ করে তিনি রংপুর জেলাকে মাদক ও জুয়ামুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভায় সাংবাদিকরা তাদের পেশাগত চ্যালেঞ্জ, সাংবাদিকতার স্বাধীনতা এবং জেলার সার্বিক উন্নয়ন নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। পুলিশ সুপার সকল মতামত মনোযোগ সহকারে শোনেন এবং ভবিষ্যতে যৌথভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সুশান্ত চন্দ্র রায়সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।
সভা শেষে পুলিশ সুপার রংপুরকে আরও নিরাপদ ও শান্তিপূর্ণ জেলায় রূপান্তরিত করতে সবার সম্মিলিত সহযোগিতা কামনা করেন।