পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় বজ্রপাতে সারওয়ারদি (২৪) নামের এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শ্রমিক। রবিবার (২৬ এপ্রিল) সকালে উপজেলার ধামোর ইউনিয়নের সোনাপাতিলা গ্রামের একটি চা-বাগানে পাতা কাটার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সারওয়ারদি একই গ্রামের আবু সামাদের ছেলে। আহতরা হলেন মোস্তফা (৪৫) ও জাহেরুল ইসলাম (৪৩)। বর্তমানে তারা পঞ্চগড় সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার ভোর ৬টার দিকে সারওয়ারদি ও অন্যান্য শ্রমিকরা চা পাতা সংগ্রহ করতে বাগানে যান। কাজ চলাকালে হঠাৎ বজ্রপাত হলে তিনজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে সারওয়ারদির মৃত্যু হয়। আহত দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের মোঃ দুলাল ঘটনাটি নিশ্চিত করে জানান, বজ্রপাতে এক শ্রমিক নিহত হয়েছেন এবং আরও দুইজন আহত হয়েছেন।