1. info2@icrbd24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@icrbd24.com : admin :
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
দিনাজপুরের

বীরগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে তিন ক্লিনিককে ৭০ হাজার টাকা জরিমানা

মোশারফ হোসেন, সিনিয়র রিপোর্টার। বীরগঞ্জ (দিনাজপুর)
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

দিনাজপুরের বীরগঞ্জে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিয়ে ছিনিমিনি খেলার অভিযোগে তিনটি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানার আওতায় আনা হয়েছে। মঙ্গলবার বিকেলে পৌর শহরের বিভিন্ন এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এক বিশেষ অভিযান পরিচালনা করে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে। অভিযানে দেখা গেছে, সেবার মান নিয়ে দীর্ঘদিনের অভিযোগ এবং নানাবিধ অনিয়মের প্রমাণ মেলায় এই প্রতিষ্ঠানগুলোকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পৌর এলাকার ডক্টরস ক্লিনিক, সেফা ডায়াগনস্টিক সেন্টার এবং আমাদের ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবা পাচ্ছিল না। উপরন্তু, ল্যাব ও ক্লিনিক পরিচালনায় সরকারি বিধিমালা লঙ্ঘনের সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ২৪ ও ২৫ ধারা মোতাবেক ডক্টরস ক্লিনিককে ৩০ হাজার টাকা, সেফা ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা এবং আমাদের ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন। এই বিশেষ অভিযানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আফরোজ সুলতানা লুনার বিশেষ সমন্বয় ছিল। সাধারণ মানুষের অভিযোগের ভিত্তিতে পরিচালিত এই ঝটিকা অভিযানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. মো. আবু বক্কর সিদ্দিক, স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ফরিদ বিন ইসলামসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ। প্রশাসন জানিয়েছে, সাধারণ মানুষের দোরগোড়ায় সঠিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর স্বেচ্ছাচারিতা রুখতে এ ধরনের তদারকি আগামীতেও অব্যাহত থাকবে।

জরিমানার শিকার প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়েছে যেন তারা দ্রুততম সময়ের মধ্যে তাদের সেবার মান উন্নত করে এবং আইন অনুযায়ী কার্যক্রম পরিচালনা করে।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2013- 2026