বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ৫ মে মঙ্গলবার দুপুরে বিএফডিসি প্রাঙ্গণে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চলচ্চিত্র অঙ্গনের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জোরালো বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের প্রধান উপদেষ্টা মেগাস্টার চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল। সভায় তিনি স্পষ্ট হুশিয়ারি উচ্চারণ করে বলেন, গত ৫ আগস্ট সারা দেশ থেকে ফ্যাসিবাদের দোসরদের হঠানো সম্ভব হলেও চলচ্চিত্র অঙ্গন এখনো পুরোপুরি কলঙ্কমুক্ত হয়নি। তিনি প্রতিশ্রুতি দেন যে, খুব দ্রুতই চলচ্চিত্রের প্রতিটি স্তর থেকে এসব দোসরদের বিতাড়িত করে এই অঙ্গনকে পুরোপুরি ফ্যাসিবাদ মুক্ত করা হবে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের সভাপতি বদিউল আলম খোকন। প্রধান অতিথির বক্তব্যে চিত্রনায়ক উজ্জ্বল চলচ্চিত্রের উন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ সংস্কারের দাবি তোলেন। তিনি বলেন, বিগত সময়ে চলচ্চিত্র অনুদান এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদানের ক্ষেত্রে চরম বৈষম্য করা হয়েছে। এখন থেকে দলমত নির্বিশেষে শুধুমাত্র মেধা ও যোগ্যতার ভিত্তিতে এই সম্মাননা ও অনুদান নিশ্চিত করতে হবে। এছাড়া চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডকে ঢেলে সাজিয়ে সেটিকে যথাযথভাবে কার্যকর করার ওপর জোর দেন তিনি। উজ্জ্বল আরও উল্লেখ করেন যে, চলচ্চিত্রের সোনালী দিন ফিরিয়ে আনতে হলে এফডিসির বর্তমান স্থবিরতা কাটিয়ে উঠতে হবে। এফডিসিতে যাতে আরও বেশি সিনেমা নির্মাণের সুযোগ সৃষ্টি হয়, সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। একইসাথে চলচ্চিত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিটিতে বিনোদন সাংবাদিকদের অন্তর্ভুক্ত করার জোরালো দাবি জানান এই কিংবদন্তি অভিনেতা।
অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের মহাসচিব অভিনেতা এবিএম সোহেল রশিদ বলেন, দীর্ঘ সময় ধরে একদলীয় প্রভাবের কারণে চলচ্চিত্রের প্রকৃত মেধাবী শিল্পীরা অবহেলিত ও বঞ্চিত হয়েছেন। সরকারি অনুদান থেকে শুরু করে রাষ্ট্রীয় পুরস্কার—সবই বিলি করা হয়েছে রাজনৈতিক বিবেচনায়। তিনি প্রত্যয় ব্যক্ত করে বলেন, এই সংস্কৃতি আর চলতে দেওয়া হবে না। চলচ্চিত্রকে একটি পেশাদার ও সমৃদ্ধ শিল্প হিসেবে গড়ে তুলতে এখন সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। যোগ্য মানুষেরা যেন তাদের প্রাপ্য সম্মান ফিরে পায়, সেটি নিশ্চিত করাই হবে তাদের বর্তমান লক্ষ্য।
বিএফডিসির এই সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও জাসাস যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, হান্নান মজুমদার, সহ-সভাপতি চলচ্চিত্র পরিচালক মোস্তাফিজুর রহমান বাবু, ফাইট ডিরেক্টর আরমান এবং অভিনেত্রী কেয়া চৌধুরী। এছাড়াও সংগঠনের যুগ্ম মহাসচিব চিত্রনায়ক আদনান আজাদ, সাংগঠনিক সম্পাদক চলচ্চিত্র পরিচালক মনজুরুল ইসলাম মেঘ, অর্থ সম্পাদক আজিজুল হক খোকা, তথ্য ও গবেষণা সম্পাদক চিত্রনায়ক সাইফুর রহমান ইভান, নৃত্য বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম এবং আপ্যায়ন বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম তাদের বক্তব্যে চলচ্চিত্রের সার্বিক সংস্কারের দাবি জানান।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের মহাসচিব অভিনেতা এবিএম সোহেল রশিদ এবং যুগ্ম মহাসচিব জি এম সাঈদ। সভায় সংহতি প্রকাশ করে আরও বক্তব্য রাখেন চলচ্চিত্র পরিচালক সাজ্জাদ হোসেন দোদুল, অভিনেতা আসিফ বাবু, পরিচালক রাজু আহমেদ, এস.এম শফিউল আজম, চিত্রগ্রাহক রিপন রহমান খান, ফাইট ডিরেক্টর হারুন, অভিনেতা ডেঞ্জার নাসিম, সহকারী পরিচালক আর কে রেজা, মেকআপ আর্টিস্ট শামসুল ইসলাম, সহকারী পরিচালক শাকিল আহমেদ এবং ব্যবস্থাপক আবু জাফর অপুসহ অনেকে। সভায় উপস্থিত সকল নেতৃবৃন্দ এবং চলচ্চিত্র সংশ্লিষ্ট কর্মীরা চলচ্চিত্র অঙ্গনকে বৈষম্যহীন ও সৃজনশীল কাজের নিরাপদ চত্বর হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন।