আই জামান চমক: রাজনীতির মঞ্চে ভাষা একটি শক্তিশালী হাতিয়ার। সেই ভাষা যখন গতানুগতিক ছক ভেঙে সরাসরি মানুষের হৃদয়ের গভীরে প্রবেশ করে, তখন তা কেবল ভোটের স্লোগান থাকে না, বরং একটি আদর্শিক পরিবর্তন বা আবেগের জোয়ার সৃষ্টি করে। পঞ্চগড়-২ (দেবীগঞ্জ-বোদা) সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী ফরহাদ হোসেন আজাদের কণ্ঠে যখন উচ্চারিত হয়—”আমাকে কেউ স্যার বলবেন নাহ, ‘মুই তোমারলার ছুয়া’ (আমি তোমাদের সন্তান), স্যার হোম কেনে (স্যার হবো কেন)”—তখন তা কেবল একটি বাক্য থাকে না, তা হয়ে ওঠে নেতৃত্বের পুরোনো ধারণার প্রতি এক নীরব প্রতিবাদ।
–
এই ধরনের বক্তব্য তার সমর্থকদের মাঝে একটি বিশ্বাস তৈরি করেছে। তাদের মতে, প্রচলিত রাজনীতিতে নেতা মানেই জনগণের ঊর্ধ্বে, এক অদৃশ্য দূরত্বে থাকা এক ক্ষমতাবান ব্যক্তি, যাকে ‘স্যার’ সম্বোধন করতে হয়। ফরহাদ হোসেন আজাদ এই গতানুগতিক ধারাকে ভেঙে দিতে চান। তার সমর্থকরা মনে করেন, তিনি বোঝাতে চেয়েছেন যে তার নেতৃত্ব শুধু মঞ্চে বসে ভাষণ দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। বরং তিনি জনগণের সাথে, পল্লী-প্রান্তরে নিবিড়ভাবে মিশে যাবেন, জানবেন তাদের সমস্যার কথা এবং দেখাবেন সম্ভাবনার দিক। এই অঙ্গীকারই তাকে সাধারণ মানুষের মাঝখানে থেকে নেতৃত্ব দেওয়ার মানুষ হিসেবে প্রতিষ্ঠা করছে।
–
কেন্দ্রীয় বিএনপিতে পল্লী বিষয়ক একটি গুরুত্বপূর্ণ পদে তার নিযুক্ত হওয়াকে তার অনুসারীরা তার এই ভূমিকারই প্রতিফলন বলে মনে করেন। তাদের কাছে, এটি প্রমাণ করে যে তার দর্শন কেবল কথার কথা নয়; পল্লীর মানুষের উন্নয়ন ও সমস্যা নিয়ে তিনি বাস্তবিক অর্থেই ভাবেন।
–
দেবীগঞ্জ-বোদার মানুষ বহু বছর ধরে এমন নির্মল নেতৃত্ব খুঁজেছেন, যেখানে নেতার আদর্শ বা নীতিমালা কোনো পরিস্থিতিতেই বিচ্যুত হবে না। স্থানীয় সমর্থকরা বলছেন, তারা এমন একজন প্রতিনিধি চান, যার নেতৃত্বে থাকবে দৃঢ়তা এবং কোমলতা—পাথরের মতো মজবুত আদর্শের সঙ্গে মেশানো থাকবে মানুষের প্রতি ভালোবাসা। তারা মনে করেন, ফরহাদ হোসেন আজাদের এই ‘তোমাদের সন্তান’ হওয়ার ঘোষণা সেই ভালোবাসারই প্রতিচ্ছবি। এই অঞ্চলের মানুষ এখন এমন একজন নেতা পেতে চায়, যিনি কেবল ক্ষমতার আসনে বসে আদেশ জারি করবেন না, বরং মাটির কাছাকাছি থেকে তাদের সুখ-দুঃখের অংশীদার হবেন।
–
-লেখক: কবি, সাংবাদিক, আবৃত্তিকার ও বাচিক শিল্পী