গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলাস্থ থানার সামনে রাস্তায় ইভটিজিংয়ের ঘটনা ঘটলে তার ভিডিও ফুটেজ নিতে গিয়ে একজন হামলার শিকার হয়েছেন। এ সময় হামলাকারী পথচারীসহ আরও দুজনকে আক্রমণ করে। হামলাকারীর নাম মোঃ আদনান, পিতার নাম মোঃ কামরুল ইসলাম, গ্রাম, পাঠানছা সাদুল্যাপুর, গাইবান্ধা।
বিকাল ৪টার দিকে আইসিআরবিডি ২৪.com এর প্রতিনিধি সাংবাদিক বেলাল মিয়া হেঁটে যাচ্ছিলেন। তিনি প্রথমে রাস্তার পাশে আপত্তিকর ভঙ্গিতে বসে থাকা একটি ছেলেকে দেখতে পান। একই সময়ে তাঁর পিছনে ৬-৭ জন ক্লাস সিক্স-সেভেন এ পড়ুয়া ছাত্রী আসছিল। তিনি দেখতে পান যুবকটি হাতের মাধ্যমে এমন ইঙ্গিত করছে, যা গাইবান্ধার স্থানীয় ভাষায় অত্যন্ত আপত্তিকর কাজকে বোঝায়। উক্ত যুব ইশারায় আপত্তিকর ইঙ্গিত দিচ্ছিল। মেয়েরা ভয়ে ও লজ্জায় তেমন কিছু না বলেই দ্রুত সেই স্থান ত্যাগ করে।
সেই মুহূর্তে তিনি ঘটনাটির ভিডিও ফুটেজ নিতে গেলে ইভটিজিং করা সেই যুবক আকস্মিকভাবে সাংবাদিক বেলাল মিয়ার ওপর আক্রমণ করে বসে। হামলায় তাঁর পরনের শার্ট ছিঁড়ে যায় এবং কপালের এক পাশে অনেকটা কেটে যায়। পাশে থাকা একজন পথচারী রক্ষা করতে এলে তাঁকেও আক্রমণ করে উক্ত যুবক। স্থানীয়দের ভাষ্যমতে ওই যুবক মাদকাসক্ত এবং জাল টাকার অবৈধ ব্যবসা করে। জানা যায়, সেই পথচারীর নাম মোঃ রাজা মিয়া। এভাবে পর পর তিনজনকে আক্রমণ করে ওই যুবক।

এরপর তিনি সাদুল্যাপুর থানায় গেলে দেখেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফোনে কথা বলছেন। বিকাল ৪:১০ মিনিটের দিকে ২-৩ মিনিট পর ওসি জানান, থানায় তখন কেউ নেই, কেবল গেটে একজন কনস্টেবল বসে আছেন। তিনি তখন সেখান থেকে বের হয়ে ঘটনাস্থলে ফিরে এসে হামলাকারীর নাম-ঠিকানা জানতে পারেন।