আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: রংপুর মহানগরীর কোতয়ালী থানাধীন পূর্ব বোথলাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫০ কেজি ওজনের দুটি কালো পাথরের খণ্ডাংশ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি-১৩ ও ৫১ বিজিবির যৌথ আভিযানিক দল। এই পাথর চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন রংপুর মহানগরীর কোতয়ালী থানার পূর্ব বোথলাপাড়া এলাকার মৃত আজর উদ্দিনের ছেলে এনামুল হোসেন এবং তাজহাট থানাধীন কারুল গুটলা এলাকার মৃত ইনতাজ আলী প্রামাণিকের ছেলে মজিবর রহমান।
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি-১৩-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সদর কোম্পানি এসআরবি-১৩ রংপুর ও ৫১ বিজিবি রংপুর ব্যাটালিয়নের যৌথ আভিযানিক দল গত ৫ অক্টোবর রাত আড়াইটায় পূর্ব বোথলাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে এনামুল হোসেনের বাড়িতে তল্লাশি চালিয়ে বসতঘরের খাটের নিচ থেকে ৫০ কেজি ওজনের দুটি কালো পাথরের খণ্ডাংশ উদ্ধার করা হয়। এ সময় এনামুল হোসেন ও মজিবর রহমানকে গ্রেপ্তার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় যে প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও কষ্টি পাথরসহ বিভিন্ন ধরনের মূল্যবান পাথরের চোরাচালান প্রতিরোধে এসআরবি-১৩-এর গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।
এই ঘটনায় এসআরবি বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে। পরে জব্দ করা আলামত ও গ্রেপ্তার দুই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া বিপ্লব কুমার গোস্বামী।
এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839