আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: নওগাঁর মহাদেবপুরে অজ্ঞাতনামা অ্যাম্বুলেন্সের ধাক্কায় নীরেন চন্দ্র বর্মন ওরফে হীরেন নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় পরেশ চন্দ্র বর্মন নামের ভ্যানের এক যাত্রী গুরুতর আহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার এনায়েতপুর গ্রামের মদিনা পেট্রোল পাম্পের প্রায় একশ গজ উত্তরে নওগাঁ-নজিপুর আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত নীরেন চন্দ্র বর্মন মহাদেবপুর উপজেলার মগরইল গ্রামের মৃত ধীরেন চন্দ্র বর্মনের ছেলে। আহত যাত্রী পরেশ চন্দ্র বর্মন একই গ্রামের মৃত অধীর চন্দ্র বর্মনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে হীরেন চন্দ্র বর্মন ভ্যানে যাত্রী পরেশ চন্দ্র বর্মনকে নিয়ে গন্তব্যের দিকে যাচ্ছিলেন। এই সময় নজিপুরের দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা অ্যাম্বুলেন্স পেছন থেকে তাদের ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়।
এর ফলে ভ্যানচালক ও যাত্রী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরবর্তীতে স্থানীয় লোকজন তাদের দ্রুত উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক নীরেন চন্দ্র বর্মনকে মৃত ঘোষণা করেন।
এদিকে গুরুতর আহত পরেশ চন্দ্র বর্মনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক জানান যে এই বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839