আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: সৌদি আরবের জুবাইল শহরে ক্ষেপণাস্ত্র হামলায় মো. সজিব নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার রাতে জুবাইল শহরে এই মর্মান্তিক হামলার ঘটনা ঘটে। আকস্মিক এই হামলায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে পরিবার ও স্থানীয় সূত্রে নিশ্চিত করা হয়েছে। নিহত সজিব কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া গ্রামের ছোটন মিয়ার ছেলে। দীর্ঘ দিন ধরে তিনি জীবিকার তাগিদে সৌদি আরবের জুবাইল শহরের একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে, সংসারের অভাব-অনটন দূর করে পরিবারের ভবিষ্যৎ সচ্ছল করার আশায় কয়েক বছর আগে সৌদি আরবে পাড়ি জমান সজিব। প্রবাসে কঠোর পরিশ্রম করে পরিবারের পাশে দাঁড়ানোর স্বপ্ন দেখছিলেন তিনি। তবে হঠাৎ এই ক্ষেপণাস্ত্র হামলায় তার সেই স্বপ্ন চিরতরে থেমে গেল। প্রবাসে কর্মরত অবস্থায় এমন আকস্মিক প্রাণহানির খবরে বাগড়া গ্রামে গভীর শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন তার বাবা-মা ও স্বজনরা।
সজিবের মৃত্যুর মর্মান্তিক এই খবর দেশে থাকা পরিবারের কাছে পৌঁছে দেন সৌদি আরবে একই প্রতিষ্ঠানে কর্মরত তার সহকর্মী আল আমিন। খবরটি শোনার পর থেকে শোকাহত স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। প্রবাসে থাকা স্বজন ও সহকর্মীরা এখন শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন।
এদিকে নিহত সজিবের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে এনে পরিবারের কাছে হস্তান্তরের জোরালো দাবি জানিয়েছেন স্থানীয় স্বজনরা। তারা সরকারের কাছে প্রয়োজনীয় কূটনৈতিক ও প্রশাসনিক প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন, যাতে নিজ গ্রামের মাটিতে তাকে শেষবারের মতো দাফন করা সম্ভব হয়।
এ বিষয়ে শশীদল ইউনিয়নের ইউপি সদস্য মোহাম্মদ মামুন জানান, সজীবের এই অকাল মৃত্যু পুরো এলাকার মানুষের জন্য অত্যন্ত বেদনাদায়ক ও অপূরণীয় ক্ষতি। শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সকল ধরনের প্রয়োজনীয় সহযোগিতা ও প্রশাসনিক সহায়তা প্রদান করা হচ্ছে।
এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839