পবিত্র ঈদুল আজহার পূর্ব রাতে এক অন্যরকম সৌহার্দ্যপূর্ণ আবহে মুখরিত হয়ে উঠেছিল বীরগঞ্জ প্রেসক্লাব। উৎসবের আনন্দকে ভাগাভাগি করে নিতে এবং এলাকার সার্বিক উন্নয়ন ভাবনায় ঘরোয়া পরিবেশে এক নৈশভোজ ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। এই বিশেষ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু। পবিত্র ঈদের ঠিক আগের রাতে রাজনৈতিক ও সামাজিক ব্যস্ততার মাঝেও সাংবাদিকদের সাথে সংসদ সদস্যের এই মিলনমেলা এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে। অনুষ্ঠানে আগত অতিথিরা একে অপরকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানান এবং সবার সুখ ও সমৃদ্ধি কামনা করেন।
মতবিনিময় সভায় সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু তার বক্তব্যে বীরগঞ্জ ও কাহারোল উপজেলাকে একটি নিরাপদ, বাসযোগ্য, সন্ত্রাস ও মাদক মুক্ত মনোরম পরিবেশের সমৃদ্ধশালী মডেল অঞ্চল হিসেবে গড়ে তোলার সুদৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, এই লক্ষ্য বাস্তবায়নে বর্তমান সরকার এবং তিনি নিজে নিরলস ও কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং টেকসই উন্নয়নে কোনো ধরনের আপস করা হবে না বলেও তিনি স্পষ্ট জানান। এই অগ্রযাত্রায় গণমাধ্যমকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান। একই সাথে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড যেমন জাতির সামনে তুলে ধরতে হবে, ঠিক তেমনি সমাজের নানা অসঙ্গতি দূর করতে গঠনমূলক সমালোচনা করার জন্য তিনি সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান।
এই ঘরোয়া আয়োজনে সংসদ সদস্যের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম, জেলা বিএনপির উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রেজওয়ানুল ইসলাম রিজু, পৌর বিএনপির সভাপতি ও সম্ভাব্য মেয়র প্রার্থী আলহাজ্ব আমিরুল বাহার, সাধারণ সম্পাদক মোঃ নমিরুল ইসলাম চৌধুরী সেনা, হামরা বীরগঞ্জিয়ার কর্ণধার ও আফতাব উদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেন, কৃষক দলের সভাপতি ফজলে আলম শাহীন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সম্ভাব্য ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শওকত জুলিয়াস জুয়েল, যুবদলের সদস্য সচিব তানভীর চৌধুরী, পুলিশ অফিসার এস আই মোঃ জাহাঙ্গীর বাদশা রনি এবং ছাত্র বিষয়ক সম্পাদক শাহরিয়ার শিপনসহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক অঙ্গনের নেতৃবৃন্দ।
এর আগে নৈশভোজের আনুষ্ঠানিকতা শুরুর শুরুতে প্রধান অতিথি সংসদ সদস্য এবং অন্যান্য আমন্ত্রিত সম্মানিত অতিথিদের বীরগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বীরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আবেদ আলীর নেতৃত্বে এই শুভেচ্ছা জ্ঞাপন পর্বে অংশ নেন সাংবাদিক মোঃ মাজেদুর রহমান, সাংবাদিক মোঃ শাহিনুর ইসলাম, সাংবাদিক মোঃ মোশাররফ হোসেন, সাংবাদিক মোঃ নাজমুল ইসলাম মিলন, সাংবাদিক মোঃ সকিম উদ্দিন আহমেদ, সাংবাদিক মোঃ আরমান আলি, সাংবাদিক মোঃ দশরথ রায় বাবুল, সাংবাদিক রেজা মোঃ তৌফিক, সাংবাদিক মোঃ ফেরদৌস ওয়াহিদ সবুজ, সাংবাদিক রণজিৎ সরকার রাজ, সাংবাদিক কার্তিক ব্যানার্জি, সাংবাদিক বকুল রায় এবং সাংবাদিক মোঃ শরিফুল ইসলাম শিপলু। ফুলেল শুভেচ্ছা বিনিময়ের পর এক আন্তরিক ও ঘরোয়া পরিবেশে নৈশভোজ সম্পন্ন হয়, যা স্থানীয় সাংবাদিক ও রাজনৈতিক মহলের মাঝে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।