তরুণ সমাজকে মাদকের ছবল থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সুন্দর জীবনের পথ দেখানোর উদ্দেশ্যে দিনাজপুরের বীরগঞ্জে অনুষ্ঠিত হলো এক মনোমুগ্ধকর প্রীতি ফুটবল টুর্নামেন্ট। ক্রীড়াকে হ্যাঁ এবং মাদককে না বলুন—এই প্রতিপাদ্য সামনে রেখে স্থানীয় কল্যানী মানবিক একতা সংগঠন শনিবার বিকেলে নিজপাড়া ইউনিয়নের কল্যানী স্কুল মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করে।
মাঠজুড়ে ছিল হাজার হাজার ফুটবলপ্রেমী দর্শকের স্বতঃস্ফূর্ত উপস্থিতি। দর্শকে কানায় কানায় পূর্ণ মাঠে আনন্দঘন ও সুশৃঙ্খল পরিবেশে ইউনিয়নের অন্তর্গত দুটি চৌকস দল প্রতিদ্বন্দ্বিতা করে। মাঠের লড়াইয়ে কল্যানী একাদশ তাদের দক্ষ ফুটবলশৈলী প্রদর্শন করে খলশী একাদশকে ২-০ গোলে পরাজিত করে এবং বিজয়ী ট্রফি নিজেদের করে নেয়।
খেলা শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। নিজপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান আনিস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা ও বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ভিপি মোঃ রেজওয়ানুল ইসলাম রিজু। তিনি তাঁর বক্তব্যে মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের ক্রীড়ামুখী করার গুরুত্ব তুলে ধরেন এবং কল্যাণী মানবিক একতা সংগঠনের এ ধরনের সামাজিক উদ্যোগকে সাধুবাদ জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল। এছাড়াও বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ এ সময় উপস্থিত ছিলেন। যুবসমাজকে সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে ভবিষ্যতেও এমন ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।