দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভোগা এক বৃদ্ধ নিজের বাড়িতে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায়।
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের দক্ষিণ নিজপাড়ার বাসিন্দা স্বর্গীয় নগেন্দ্র লাল মল্লিকের পুত্র শিবু রঞ্জন মল্লিক (৮৫)। মঙ্গলবার ২৮ অক্টোবর সকাল আনুমানিক ৮টা থেকে ৯টার মধ্যে তিনি তার নিজ বসত বাড়ির গোয়াল ঘরে বাঁশের তীরের সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন।
প্রতিবেশী ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃদ্ধ শিবু রঞ্জন মল্লিক দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। ওই বাড়িতে স্বামী-স্ত্রী দুজনেই থাকতেন। ঘটনার সময় তাঁর সহধর্মিণী মোবাইলে ফোন করতে বাড়ির বাইরে যান। এই সুযোগ পেয়ে বৃদ্ধ সকলের অজান্তে তাদের গোয়াল ঘরে ঢুকে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন।
সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পুলিশ লাশ উদ্ধারসহ সুরতহাল রেকর্ড করে এবং ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু হয়েছে।