পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ৩নং সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের উপেনচৌকি ভাজনী আশ্রয়ণ প্রকল্প এলাকা টানা মুষলধারে বর্ষণের কারণে তীব্র ভাঙন ঝুঁকিতে পড়েছে। রাঙাপানি নদীর তীরে স্থাপিত এই আশ্রয়ণ প্রকল্পের কয়েকটি ঘর ইতোমধ্যে ভাঙনের হুমকিতে রয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে স্থানীয়রা জানান, কয়েক দিনের টানা বৃষ্টিতে জমে থাকা পানি নদীতে প্রবাহিত হওয়ায় তীরবর্তী এলাকায় ভাঙন দেখা দিয়েছে। এতে আশ্রয়ণ প্রকল্পের কয়েকটি ঘর নদীতে বিলীন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, প্রতি বছর বর্ষাকালে একই পরিস্থিতি তৈরি হলেও এখন পর্যন্ত কোনো টেকসই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। তারা দ্রুত নদীতীর রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দা আইজুল হক ও হালিমা দম্পতি বলেন, নদীভাঙনের কারণে আমাদের ঘরবাড়ি নদীতে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। নির্বাচনের সময় নেতারা প্রতিশ্রুতি দেন, কিন্তু বিপদের সময় কেউ খোঁজ নেন না।
আশ্রয়ণ প্রকল্পের আরেক বাসিন্দা ইউসুফ জানান,আমার ঘরের পেছনের দিকে ভাঙন দেখা দিয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে ঘরটি নদীতে বিলীন হয়ে যাবে।
এদিকে ফেসবুক ব্যবহারকারী সাকিল ইসলাম ভাঙনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করলে সেটি দ্রুত নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে।
স্থানীয় ইউপি সদস্য নুরুজ্জামান জানান, দেড় মাস আগে তারা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি বলেন, বৃষ্টির কারণে প্রতিদিনই ভাঙন বাড়ছে, কিন্তু এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। দ্রুত ব্যবস্থা না নিলে পুরো প্রকল্পই ঝুঁকিতে পড়বে।
এ বিষয়ে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি, ফলে তার মন্তব্য জানা সম্ভব হয়নি।