আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ‘প্রতিটি দুয়ারে আমরা’ কর্মসূচির অংশ হিসেবে পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভায় ব্যাপক গণসংযোগ চালাচ্ছেন দলের জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।
সোমবার (২০ অক্টোবর) পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে “প্রতিটি দুয়ারে আমরা” কর্মসূচির উদ্বোধন করেন নিউজা। এরপর দিনভর তিনি ২ ও ৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন বাড়িতে গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং দল ও নিজের পক্ষে সমর্থন কামনা করেন। তার সরাসরি অংশগ্রহণে ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। অনেক ভোটার জানান, এত বড় মাপের নেতা নিজে এসে আমাদের দুয়ারে ভোট চাইছেন—এটা আমাদের জন্য গর্বের ও সম্মানের বিষয়।
প্রচারণায় ফরহাদ হোসেন আজাদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা জিয়া পরিষদের সভাপতি মোস্তাফিজুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন মো. তবারক হ্যাপি, পৌর বিএনপির সভাপতি সরকার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেলসহ দলের স্থানীয় নেতাকর্মীরা। মোস্তাফিজুর রহমান চৌধুরী দেবীগঞ্জ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ।
গণসংযোগকালে ফরহাদ হোসেন আজাদ বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি শুধু একটি রাজনৈতিক অঙ্গীকার নয়, এটি একটি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের রোডম্যাপ। এই আন্দোলন তৃণমূল থেকেই শক্তিশালী করতে হবে।
‘প্রতিটি দুয়ারে আমরা’ কর্মসূচিতে অংশগ্রহণকারী ২ ও ৩ নম্বর ওয়ার্ডের স্থানীয় নেতাকর্মীরা বলেন, বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটময় পরিস্থিতিতে বিএনপিই একমাত্র বিকল্প শক্তি। তাই এ কর্মসূচি সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
দিনব্যাপী কর্মসূচির সমাপ্তিতে ফরহাদ হোসেন আজাদ নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য প্রতিটি ভোটকেন্দ্রকে ঘিরে সংগঠনকে শক্তিশালী করতে হবে। আজকের এই আয়োজন সেই প্রস্তুতিরই অংশ।