পঞ্চগড়ের দেবীগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে এক অসহায় নারীকে ঘর উপহার দিয়েছে টেপ্রীগঞ্জ ইউনিয়নের যুব দল।
বৃহস্পতিবার সকালে টেপ্রীগঞ্জ ইউনিয়নের কালিদহ পার এলাকায় ঘর হস্তান্তর করা হয়।
ঘর নির্মাণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক, পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব এবং পঞ্চগড়-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ফরহাদ হোসেন আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন মো. তোবারক হ্যাপি, উপজেলা যুবদলের আহ্বায়ক মুশফিকুর রহমান রাজু, উপজেলা যুবদলের সদস্য সচিব রোকনুজ্জামান সুমন।
এ ছাড়া টেপ্রীগঞ্জ ইউনিয়নের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ফরহাদ হোসেন আজাদ বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিএনপির মানবিক কার্যক্রমের ধারাবাহিকতা। শুধুমাত্র রাজনৈতিক কর্মসূচি নয়, মানুষের সুখ–দুঃখে পাশে থাকা দলের অন্যতম দায়িত্ব।
ঘর পেয়ে ওই অসহায় নারী আবেগাপ্লুত হয়ে জানান, এতোদিন কষ্টে দিন কাটালেও এখন একটি নিরাপদ ছাদ পেলাম। যারা আমাকে ঘর উপহার দিয়েছেন, তাদের জন্য দোয়া করি।