আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে কাঞ্চন-১ হলরুমে জেলা আইনশৃঙ্খলা ও প্রশাসনিক সমন্বয় কমিটির এক অত্যন্ত গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। দিনাজপুর জেলাসহ বীরগঞ্জ ও কাহারোল উপজেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের নানা সমস্যা সমাধানের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের ভোগান্তি দূর করতে সরকারি দপ্তরগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয়ের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। সেই সাথে প্রশাসনিক সেবা যেন তৃণমূলের মানুষের দৌড়গোড়ায় পৌঁছায় সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম এবং দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। তারা নিজ নিজ এলাকার সার্বিক চিত্র তুলে ধরেন এবং স্থানীয় জনগণের নানাবিধ সমস্যা সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের তাগিদ দেন। সভায় বীরগঞ্জ ও কাহারোল অঞ্চলসহ সমগ্র জেলার সার্বিক নিরাপত্তা ও প্রশাসনিক কার্যক্রম আরও সহজ করার বিষয়ে ব্যাপক আলোচনা করা হয়।
দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ে কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ছাড়াও জেলার প্রতিটি উপজেলার সরকারি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ এই মতবিনিময় সভায় অংশ নেন। মাঠ পর্যায়ের কর্মকর্তারা নিজ নিজ এলাকার প্রশাসনিক অর্জন ও চ্যালেঞ্জগুলো সবার সামনে তুলে ধরেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় দিনাজপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সরকারের উন্নয়নমূলক কাজ ত্বরান্বিত করার দৃঢ় অঙ্গীকারের মাধ্যমে সভাটি শেষ হয়।
এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839