আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: নীলফামারীর ডোমারে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি শুভ জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত এই ধর্মীয় উৎসব ঘিরে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে ভক্তরা শোভাযাত্রায় অংশ নিতে কেন্দ্রীয় হরিসভা মন্দির প্রাঙ্গণে সমবেত হন।
ডোমার উপজেলা সনাতনী সম্প্রদায়ের আয়োজনে শুক্রবার সকাল ১১টায় ডোমার কেন্দ্রীয় হরিসভা মন্দির প্রাঙ্গণ হতে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দির চত্বরে এসে শেষ হয়। এতে বিভিন্ন বয়সের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এবং নানা স্লোগান ও বাদ্যের তালে মুখরিত করে তোলেন চারপাশ।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি ভিডিও কনফারেন্সের মাধ্যমে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এই মঙ্গল শোভাযাত্রার শুভ উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য ইঞ্জিঃ শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। উদ্বোধক মহোদয় তার বক্তব্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের ওপর গুরুত্বারোপ করেন এবং সবাইকে শুভেচ্ছা জানান।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী, সহকারী কমিশনার ভূমি মুন্না রানী চন্দ, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি রেয়াজুল ইসলাম কালু, মোসাব্বের হোসেন মানু, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, সাংগঠনিক সম্পাদক মাসুদ বীন আমিন সুমন, পৌর বিএনপি’র সাবেক সভাপতি আনিছুর রহমান আনু এবং সাধারণ সম্পাদক মোজাফ্ফর আলীসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
মঙ্গল শোভাযাত্রাটি সফলভাবে সম্পন্ন হওয়ার পর অংশগ্রহণকারীরা হরিসভা মন্দিরে একটি সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হন। সেখানে আমন্ত্রিত অতিথিরা শ্রীকৃষ্ণের জীবনদর্শন ও বাণীর ওপর আলোকপাত করেন এবং সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।
অনুষ্ঠান পরিচালনা কমিটির আহবায়ক বাবু গোরাচাঁদ অধিকারী, যুগ্ন আহবায়ক অমিত কুমার দাস নয়ন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি বসন্ত কুমার রায়, পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি দয়াল চন্দ্র রায়, সাধারণ সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র রায়, ক্ষত্রিয় সমিতির সাধারণ সম্পাদক অমল চন্দ্র রায় এবং ইউনিয়ন সভাপতি কাঞ্চন কুমার রায় অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময় করেন এবং সফলভাবে অনুষ্ঠান আয়োজনের জন্য সবাইকে ধন্যবাদ জানান।
এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839