শেরপুর সদর উপজেলার কুসুমহাটি এলাকার বাসিন্দা মো. আবুল হোসেন তার জমি বিক্রিতে বাধা সৃষ্টি এবং চাঁদা দাবির অভিযোগ তুলে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে শহরের নিউমার্কেটস্থ তথ্যধারা কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন।
সংবাদ সম্মেলনে আবুল হোসেন লিখিত বক্তব্যে অভিযোগ করেন, কয়েকজন প্রভাবশালী ব্যক্তি দীর্ঘদিন ধরে তার জমিজমা নিয়ে বিরোধ তৈরি করছে। সম্প্রতি তিনি তার পৈতৃক জমি বিক্রির উদ্যোগ নিলে ওই ব্যক্তিরা তার কাছে চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা জমি বিক্রি করতে বাধা দেওয়ার হুমকি দেয়।
আবুল হোসেন বলেন, “গত ১১ অক্টোবর বিকেল ৫টার দিকে কুসুমহাটি বাজারে আমার মার্কেটের সামনে কয়েকজন ব্যক্তি আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করেছে। আমি প্রতিবাদ করলে তারা মারধরের চেষ্টা করে এবং প্রাণনাশের হুমকি দেয়। বর্তমানে আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।”
ভুক্তভোগীর বড় ভাই ছামিদুল হক গত ১২ অক্টোবর শেরপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং: ৭০৩) করেছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত আবুল হোসেন ও তার পরিবার দ্রুত তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।