আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: রংপুরের গঙ্গাচড়ায় মেধার অনন্য স্বীকৃতি পেল স্থানীয় ২৬ জন কৃতি শিক্ষার্থী। সম্প্রতি অনুষ্ঠিত রি.কে.এস পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের ভিত্তিতে তাদের এই বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়। শিক্ষা ও মেধা বিকাশের এই মহতি উদ্যোগ স্থানীয় কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ পথচলায় দারুণ অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
শনিবার সকালে উপজেলার বেতগাড়ীর ঐতিহ্যবাহী শবনম শেহনাজ চৌধুরী আইডিয়াল মডেল স্কুল প্রাঙ্গণে এক আনন্দঘন ও জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে পুরো প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে ওঠে। আয়োজকদের পক্ষ থেকে প্রতিটি কৃতি শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঙ্গাচড়া উপজেলা সেক্রেটারি মো. সাইফুল ইসলাম। তিনি কৃতি শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, মেধা ও প্রতিভার বিকাশে কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষাই যথেষ্ট নয়, এখানে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজকের এই বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে ভবিষ্যতে দেশ ও সমাজের ইতিবাচক পরিবর্তনে বড় অবদান রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর বেতগাড়ী ইউনিয়ন শাখার আমির মো. শাহ আলম এবং রাজধানী টিভির রংপুর ব্যুরো প্রধান মো. রফিকুল ইসলাম সাবুল। বিশেষ অতিথির বক্তব্যে রাজধানী টিভির রংপুর ব্যুরো প্রধান মো. রফিকুল ইসলাম সাবুল বলেন, যেকোনো শিক্ষার্থীর সাফল্যের পেছনে পরিবার, শিক্ষক এবং শিক্ষাপ্রতিষ্ঠানের একটি সমন্বিত প্রচেষ্টা কাজ করে। আজকের এই অর্জন অন্যান্য শিক্ষার্থীদের মধ্যেও ভালো ফলাফল করার প্রতিযোগিতামূলক অনুপ্রেরণা জোগাবে। তিনি তরুণ প্রজন্মের মেধার যথাযথ বিকশিত করতে শিক্ষার সার্বিক পরিবেশ আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন।
উক্ত সংবর্ধনা সভায় সভাপতির দায়িত্ব পালন করেন শবনম শাহনাজ চৌধুরী আইডিয়াল মডেল স্কুলের পরিচালক মো. বুলু মিয়া। সমাপনী ও সভাপতির বক্তব্যে তিনি বলেন, কোমলমতি শিক্ষার্থীদের এই অভাবনীয় সাফল্যে পুরো প্রতিষ্ঠান অত্যন্ত গর্বিত ও আনন্দিত। মূলত তাদের কঠোর পরিশ্রম ও মেধার সঠিক স্বীকৃতি দিতেই এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে শিক্ষার্থীদের একাডেমিক ফলাফলের পাশাপাশি উন্নত নৈতিক শিক্ষায় বলীয়ান করতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতা ও প্রচেষ্টা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন তিনি।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিরা একে একে বৃত্তিপ্রাপ্ত ২৬ জন শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এতে তাদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়। উপস্থিত অভিভাবক এবং স্থানীয় সুধীজন শিক্ষাপ্রতিষ্ঠানের এমন ইতিবাচক উদ্যোগকে সাধুবাদ জানান এবং আগামীতেও শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের আয়োজন বজায় রাখার আহ্বান জানান।
এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839