আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: কক্সবাজারের উখিয়ায় সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে ইয়াবা পাচারের সময় ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার সকালে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর পালংখালী বিওপির বিশেষ টহল দল এ অভিযান চালায়। তবে এ ঘটনায় জড়িত সন্দেহভাজন এক ব্যক্তি পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এই দ্রুত পদক্ষেপ ও তৎপরতা অত্যন্ত প্রশংসনীয়।
বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার সকাল আনুমানিক ৯টার দিকে পালংখালী বিওপির বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ এলাকার গুইজ্জা খালের পশ্চিম পাশে বাংলাদেশের অভ্যন্তরে টহল দিচ্ছিল। এ সময় মিয়ানমার থেকে এক ব্যক্তিকে পোটলা হাতে বাংলাদেশে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করেন।
বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি হাতে থাকা পোটলাটি ফেলে নাফ নদীতে ঝাঁপ দেন। পরে সাঁতরে মিয়ানমারের দিকে পালিয়ে যান বলে জানায় বিজিবি।
পরবর্তীতে বিজিবির টহল দল ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ফেলে যাওয়া পোটলার ভেতর থেকে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী আটটি প্যাকেট উদ্ধার করে। এসব প্যাকেটের ভেতরে আনুমানিক ৮০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। ঘটনাস্থল ও আশপাশে বিস্তারিত তল্লাশি চালিয়েও অন্য কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।
ঘটনার পর পালিয়ে যাওয়া ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে ঘটনাস্থল এবং পার্শ্ববর্তী এলাকায় চিরুনি অভিযান পরিচালনা করে বিজিবি। তবে অভিযান চালিয়েও তাকে আটক করা সম্ভব হয়নি।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক জানান, মাদক সরবরাহকারী ও এ চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদকসহ বিভিন্ন ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে দায়িত্ব পালন করে আসছে।
এডিটর: আই জামান চমক। হোয়াটসঅ্যাপ: 01718456839