আই জামান চমক, icrbd24: নভেম্বরের সকাল। করতোয়ার বুকে কুয়াশা নেমেছে, ওপারের গাছগুলো আবছা হয়ে আছে যেন কেউ জলরঙে ছবি এঁকে অর্ধেক মুছে দিয়েছে। নদী কিছু বলে না। সে শুধু বয়ে যায়, আর তার দুই পাড়ের মানুষ নিজের নিজের গল্প নিয়ে বাঁচে। দেবীগঞ্জের মানুষ জানে, নদীর পাড় ভাঙলে যেমন গ্রামের নিয়ম ভেঙে পড়ে, তেমনি সমাজের পাড় ভাঙলেও সব ভেসে যায়। সেই পাড়ের নাম আইন। আর সেই পাড় পাহারা দেয় পুলিশ।
কথাটা মনে এল সম্প্রতি একটা ভিডিও দেখে।
দেবীগঞ্জ থানা পুলিশের একটি দল একজন ইউপি সদস্যকে গ্রেফতার করতে গিয়েছিল। তিনি তখন ফেসবুকে লাইভে এলেন। কথা বললেন অনেক, গুছিয়ে বললেন না। পুলিশের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুললেন, কিন্তু কোন অভিযোগ, কবে, কীভাবে, কার বিরুদ্ধে, সে রকম সুনির্দিষ্ট কিছুই শোনা গেল না। বক্তব্য এলোমেলো, কথার সঙ্গে কথার যোগ নেই। আমি পুরোটা মন দিয়ে শুনলাম। দুবার শুনলাম। ভাবলাম, কোথাও হয়তো একটা প্রমাণের টুকরো আছে, যা আমার চোখ এড়িয়ে যাচ্ছে। পেলাম না।
ওই ভিডিওতে পুলিশ দলের প্রতিটি সদস্যের আচরণ আমার চোখে পড়ল আলাদা করে। একজন মানুষ চিৎকার করছেন, ক্যামেরা চালু, চারপাশে লোক জড়ো হচ্ছে, অথচ দলের কেউই ধৈর্য হারালেন না। একজনও না। কারও মুখে কড়া কথা নেই, কারও হাতে বাড়াবাড়ি নেই, কারও চোখে উত্তেজনার ছাপ নেই। এই ধৈর্য সহজ জিনিস নয়। যে মানুষটি রাতের পর রাত ঘুম ফেলে ডিউটি করে, তাকে প্রকাশ্যে অভিযুক্ত হতে দেখেও শান্ত থাকতে পারা একরকম সাধনা। দলের প্রত্যেক সদস্যকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। এটাই পেশাদারিত্ব।
এরপর শুনলাম দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মুসা সাহেবের সঙ্গে একটি কলরেকর্ড। পুলিশের বিরুদ্ধে যত অভিযোগই থাকুক, আমি খুঁজছিলাম প্রমাণ। অপেশাদার কোনো কথা, কোনো হুমকি, কোনো অসংগত আচরণ। পেলাম না। বরং ওসি সাহেবের কথায় সংযম ও পেশাদার আচরণের ছাপ পেয়েছি। এর বেশি কিছু বলব না। একটি কলরেকর্ড দিয়ে একজন কর্মকর্তার পুরো মূল্যায়ন হয় না, হওয়া উচিতও নয়। তবে যতটুকু শুনেছি, ততটুকুর প্রাপ্য স্বীকৃতি দিতে আমি কার্পণ্য করব না। আমি বলছি না পুলিশ কখনো ভুল করে না। করে, মানুষ মাত্রই করে। কিন্তু যে অভিযোগ প্রমাণ ছাড়া ছোঁড়া হয়, সে অভিযোগ ঢিল হয়ে ফিরে আসে নিজের গায়েই।
পনেরো বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা করছি। থানার বারান্দায় দাঁড়িয়ে কত কিছু দেখেছি। ভুল দেখেছি, অন্যায় দেখেছি, আবার এমন পুলিশ কর্মকর্তাও দেখেছি যিনি নিজের পকেটের টাকায় অসহায় মানুষকে বাড়ি ফেরার ভাড়া দিয়েছেন। দুটোই সত্য। কিন্তু সত্যকে সত্যের জায়গায় রাখতে হয়। কাউকে অন্ধভাবে দেবতা বানানোও অন্যায়, অন্ধভাবে শয়তান বানানোও।
আমাদের লোকজ্ঞান বলে, চোরের মন বোঁচকার দিকে। দেশের প্রতিটি মানুষকে আমি চোর বলছি না, কিন্তু একটা প্রশ্ন না করে পারি না। পুলিশ দেখে নির্দোষ মানুষ পালায় কেন? সে তো জানে, তার কাছে লুকানোর কিছু নেই। আইনের মুখোমুখি হলে সে সোজা দাঁড়ায়, প্রশ্নের উত্তর দেয়, প্রয়োজনে আদালতে যায়। যে পালায়, যে ক্যামেরা তুলে ধরে জনতা ডাকে, সে আসলে আইনের কাছে নয়, আইনের আড়ালে আশ্রয় খোঁজে। আর পুলিশ আসতে দেখে মব তৈরি করা কোনো সচেতন নাগরিকের কাজ হতে পারে না। মব তো বিচার করে না, মব শুধু ছিঁড়ে খায়। আজ যে ভিড়কে ডেকে এনে নিজেকে বাঁচাতে চাইছেন, কাল সেই ভিড়ই আপনার ঘরের দরজায় আসতে পারে।
আরিস্টটল বলেছিলেন, আইন হলো শৃঙ্খলা, আর ভালো আইন হলো ভালো শৃঙ্খলা। এই শৃঙ্খলা রক্ষার দায়িত্ব রাষ্ট্র যাঁদের হাতে তুলে দিয়েছে, তাঁরা পুলিশ। তাঁদের হাত বেঁধে দিলে সমাজ চলে না। এ কথা শুধু তত্ত্ব নয়। যে রাতে আপনার বাড়িতে ডাকাত পড়ে, সে রাতে আপনি কাকে ফোন করেন? কোনো ইউপি সদস্যকে নয়, কোনো ফেসবুক লাইভকেও নয়। আপনি ফোন করেন ৯৯৯ নম্বরে।
আমার মেয়ের একটা অভ্যাস আছে। রাস্তায় বের হলে কোথাও মেয়ে পুলিশের ইউনিফর্ম চোখে পড়লেই সে চিৎকার করে ওঠে, বাবা, দেখ পুলিশ! তার গলায় ভয় থাকে না, থাকে খুশি। যেন পথের মোড়ে চেনা কোনো আপনজনকে দেখে ফেলেছে। সে জানে পুলিশ তার বন্ধু। কারণ আমি তাকে শিখিয়েছি, বিপদে পড়লে সবার আগে পুলিশই আসে। ছোট্ট মনে এই বিশ্বাসটুকু বুনে দিতে পেরেছি, এটাই আমার সান্ত্বনা। আবার ভয়ও হয়। এই বিশ্বাস যদি কোনোদিন ভাঙে? সেই দায় শুধু পুলিশের নয়, আমাদের সবার। যে সমাজে শিশু পুলিশ দেখে হাত নাড়ে, সে সমাজ এখনো বেঁচে আছে। যেদিন সে পুলিশ দেখে মুখ লুকাবে, সেদিন বুঝব পাড় ভাঙতে শুরু করেছে।
এবার সরাসরি বলি। ভিডিওতে যা দেখলাম, তাঁর নিজের মুখে যা শুনলাম, তাতে আমার কাছে কোনো সংশয় নেই। মেম্বার সাহেব যা করেছেন, তা আইনের চোখে অপরাধ। পুলিশ তাঁর কাছে এসেছিল আইনের কাজে, আর তিনি সেই কাজে বাধা তৈরি করেছেন। এটাকে আবেগের বাড়াবাড়ি বা ভুল বোঝাবুঝি বলে পার পাওয়া যায় না। তবে একজন সাংবাদিক হিসেবে একটা সীমা আমি মানি। কাউকে অপরাধী ঘোষণা করার এখতিয়ার আদালতের, কলমের নয়। তাঁর কাজকে আমি অপরাধ বলছি, তাঁর বিচার করবে আদালত। তাঁর যদি বলার কিছু থাকে, বলার জায়গা আছে। পুলিশের বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট ও সুস্পষ্ট অভিযোগ থাকে, তবে পুলিশ সুপারকে জানান। আদালতে মামলা করুন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দিন। এতগুলো দরজা খোলা থাকতে কেন আইনের পথ আটকে দাঁড়াতে হবে?
লাইভে যা দেখলাম, সেখানে তিনি আইনের স্পষ্ট লংঙ্ঘন করলেন
রবীন্দ্রনাথ লিখেছিলেন, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমরা চাই না এই বাণী কাঁদুক। আমরা চাই বিচার হোক আইনের পথে, প্রমাণের ভিত্তিতে, কোলাহলে নয়। একজন জনপ্রতিনিধির কাজ নিজের এলাকার মানুষকে আইন মানতে শেখানো, আইনের মুখে দাঁড়িয়ে ক্যামেরা তাক করা নয়। তিনি যা করলেন, তা স্পষ্টত একাধিক আইনের লঙ্ঘন বলেই আমার মনে হয়েছে। এটা কাম্য নয়। কারও জন্যই নয়।
করতোয়া যেমন নিজের খাত ছেড়ে চললে বন্যা আনে, সমাজও তেমনি আইনের খাত ছেড়ে চললে অরাজকতা ডেকে আনে। পুলিশকে কাজ করতে দিন। পুলিশকে সহযোগিতা করুন। আর যদি কোথাও সত্যিই অন্যায় হয়, তবে প্রমাণ নিয়ে এগিয়ে আসুন, আমরা কলম নিয়ে আপনার পাশে আছি। কিন্তু প্রমাণ ছাড়া অভিযোগ, আইন ছাড়া আন্দোলন আর ভিড় জমিয়ে বিচার, এ পথ নদীর মতো নয়। এ পথের শেষে কোনো সাগর নেই, আছে শুধু চোরাবালি।
সমাজকে সুস্থ থাকতে দিন।
লেখক: সাংবাদিক, কবি, কথাসাহিত্যিক, কলামিস্ট, আবৃত্তিকার ও বাচিক শিল্পী।
হোয়াটসঅ্যাপ: 01718456839