আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: রংপুরের গঙ্গাচড়া সরকারি কলেজের প্রধান ফটকের সামনে গভীর রাতে বিকট শব্দে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ঘটা এই বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও স্বস্তির বিষয় হলো এতে কেউ হতাহত হয়নি।
বিস্ফোরণের খবর পাওয়া মাত্রই কালক্ষেপণ না করে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় গঙ্গাচড়া মডেল থানা পুলিশের একটি দল। পুলিশের এই তৎপর ও সময়োপযোগী অভিযানের ফলেই ঘটনার পরপরই সন্দেহভাজন চারজনকে আটক করা সম্ভব হয়।

আটক হওয়া ব্যক্তিরা হলেন—যশোরের মনিরামপুর এলাকার রাকিবুজ্জামান রাকিব, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের কাশিমবাজার এলাকার আসয়োত মুবিন স্বরূপ, রংপুরের গঙ্গাচড়া উপজেলার পূর্ব মধ্যপাড়া এলাকার আলী মোহাম্মদ শাহরিয়ার হৃদয় এবং রংপুর নগরের পাগলাপীর মহাদেবপুর এলাকার নাহিদ হোসেন। জানা গেছে, এদের মধ্যে শাহরিয়ার হৃদয় গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আশেকুজ্জামান লিটনের ছেলে।
গঙ্গাচড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান জানান, আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তাঁদের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সম্পৃক্ততার তথ্য মিলেছে। এ ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার সন্ধ্যায় আটক চারজনকে আদালতে পাঠানো হয়েছে।
এডিটর: আই জামান চমক। হোয়াটসঅ্যাপ: 01718456839