আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: রংপুরের বদরগঞ্জে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি ডালিম চন্দ্র রায়কে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)। শনিবার রাতে মিঠাপুকুর উপজেলার গড়েরমাথা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে চাঞ্চল্যকর এই মামলার প্রধান আসামিকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হয় আভিযানিক দলটি।
গ্রেফতারকৃত ডালিম চন্দ্র রায় বদরগঞ্জ উপজেলার আমরুলবাড়ী পূর্বপাড়া এলাকার নৃপেন চন্দ্র রায়ের ছেলে। তিনি বদরগঞ্জ থানায় দায়ের করা ১৬ নম্বর মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি।
রোববার এসআরবি-১৩-এর পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভুক্তভোগী তরুণী স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। অভিযুক্ত ডালিম আগে থেকেই তাকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিলেন। ওই শিক্ষার্থী প্রস্তাবে রাজি না হয়ে বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তার বাবা-মা অভিযুক্তকে একাধিকবার নিষেধ করেন, তবে তাতেও কোনো সুরাহা হয়নি।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর ভুক্তভোগীর বাবা-মা তাঁদের দুই মেয়েকে নিজেদের মুদি দোকানে রেখে একটি দাওয়াতে যান। এই সুযোগে অভিযুক্ত ডালিম দোকানে গিয়ে ভুক্তভোগীর ছোট বোনকে টাকা দিয়ে বাইরে পাঠিয়ে দেন। পরবর্তীতে দোকানের ভেতরে ওই স্কুলছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ উঠে।
ঘটনার সময় ভুক্তভোগীর চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে অভিযুক্তকে আটক করে তাঁর দাদির বাড়িতে নিয়ে যান। তবে সেখান থেকে কৌশলে পালিয়ে যান তিনি। এই ঘটনার পর ভুক্তভোগীর মা বাদী হয়ে বদরগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর থেকেই প্রধান আসামিকে গ্রেফতারে গোয়েন্দা নজরদারি জোরদার করে আইনশৃঙ্খলা বাহিনী। এরই ধারাবাহিকতায় ৭ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে সিপিএসসি, এসআরবি-১৩, রংপুরের একটি আভিযানিক দল মিঠাপুকুরের গড়েরমাথা এলাকায় সফল অভিযান পরিচালনা করে ডালিমকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তাঁকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী অধিনায়কের পক্ষে বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
এডিটর: আই জামান চমক। হোয়াটসঅ্যাপ: 01718456839