আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: দিনাজপুরের বীরগঞ্জে ৪ নভেম্বর বুধবার দুপুরে সুজালপুর ইউনিয়নের মুশোহরপাড়া ও কামারপাড়ার রাস্তায় প্রকাশ্য দিবালোকে এক পল্লী চিকিৎসককে পথরোধ করে মারপিট, ছিনতাই এবং মাইক্রোবাসে তুলে অপহরণের চেষ্টার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। কবিরাজহাটের জনপ্রিয় পল্লী চিকিৎসক সাদ্দাম হোসেনকে অসৎ উদ্দেশ্যে কৌশলে ঘটনাস্থলে ডেকে নিয়ে ৫ থেকে ৭ জনের একটি সংঘবদ্ধ দল এই হামলা চালায়।
হামলাকারীরা পল্লী চিকিৎসকের মোটরসাইকেলের গতিরোধ করে এলোপাথারী কিল-ঘুষি মারে এবং তার কাছে থাকা নগদ টাকা ও ব্যবহৃত অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এরপর তাকে জোরপূর্বক চেংদোলা করে একটি মাইক্রোবাসে তুলে নেওয়ার চেষ্টা করা হয়। এ সময় ওই পল্লী চিকিৎসকের তীব্র ডাকচিৎকারে আশপাশের কয়েকজন এলাকাবাসী দ্রুত ছুটে এলে দুষ্কৃতকারীরা পালিয়ে যেতে বাধ্য হয়। তবে তাৎক্ষণিকভাবে মোটরসাইকেলটি লক করে রাখায় ছিনতাইকারীরা সেটি নিয়ে যেতে পারেনি এবং ব্যবহৃত মাইক্রোবাসটিও দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
আহত অবস্থায় পল্লী চিকিৎসক সাদ্দাম হোসেন বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। জানা গেছে অপরাধীরা ওই পল্লী চিকিৎসকের পূর্ব পরিচিত ছিল এবং এই ঘটনায় ইতিমধ্যে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে এই মুহূর্তে অপরাধীদের নাম প্রকাশ করা হয়নি। সুজালপুর ইউনিয়নের চাকাই এলাকার ইউপি সদস্য আব্দুল হাকিম এবং ভোগনগর ইউনিয়নের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান সাব্বির হোসেন রয়েল এই আকস্মিক ঘটনায় গভীর বিস্ময় প্রকাশ করে অবিলম্বে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
এ ব্যাপারে বীরগঞ্জ থানার এসআই দিপু রায়ের সঙ্গে কথা হলে তিনি জানান যে ঘটনার সত্যতা রয়েছে এবং অভিযোগটি তার ওপর ন্যস্ত করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ ও তদন্তের এই তৎপরতা সাধারণ মানুষের মনে স্বস্তি ফিরিয়ে এনেছে এবং খুব শীঘ্রই দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনা হবে।
এডিটর: আই জামান চমক। হোয়াটসঅ্যাপ: 01718456839