আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: নীলফামারীর জলঢাকা উপজেলার ধর্মপাল ইউনিয়নের হাজী পাড়া এবং তহশীলদাপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে একাধিক কৃষকের জমির ফসল নষ্ট করার গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় একটি কুচক্রী মহলের বিরুদ্ধে এই ন্যক্কারজনক কর্মকাণ্ডের অভিযোগ এনেছেন ভুক্তভোগী পরিবারগুলো। দীর্ঘদিন ধরে চলে আসা জমি সংক্রান্ত বিরোধের জেরে এই ধরনের ঘটনা ঘটায় এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনার বিবরণে জানা যায়, জলঢাকা উপজেলার ধর্মপাল ইউনিয়নের মৃত হোসেন আরবের ছেলে হাজী মোস্তফার সাথে প্রতিবেশী খতিবর রহমানের ছেলে এজিদুল এবং মৃত তছির উদ্দিনের ছেলে ইসরাফিলের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এলাকার হাজী মোস্তফার কাছ থেকে ক্রয়কৃত রহিদুলের জমিতে এবং চুক্তিপ্রাপ্ত আমিনুরসহ বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেনের ফসলি জমিতে হলুদ, মরিচ, বেগুন, লাউ এবং বিভিন্ন ধরনের শাকসবজির আবাদ করা হয়েছিল। এসব জমিতে কৃষকরা অত্যন্ত পরিশ্রম করে ফসল ফলিয়েছিলেন।
অভিযোগ রয়েছে যে পূর্ব শত্রুতার জেরে গত সোমবার অর্থাৎ ৫ অক্টোবর সকাল ৯টায় এজিদুল, ইসরাফিল, ঘড়িয়াল, তজিসহ তাদের দলবল মিলে রহিদুল, আমিনুর এবং বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেনের জমিতে প্রবেশ করে। সেখানে থাকা সমস্ত লাগানো ফসল জোরপূর্বক নষ্ট করে ফেলা হয়। হাজী মোস্তফার ছেলে তুষার খন্দকার জানান, অভিযুক্তরা জোরপূর্বক জমি পাবে বলে অনৈতিক দাবি করতে থাকে। এই বিষয়ে বিজ্ঞ আদালতে ইতোমধ্যে মামলা চলমান রয়েছে। অথচ অভিযুক্তরা আদালতের নির্দেশকে তোয়াক্কা না করে এ ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এর আগেও গত বছর তারা জমির ফসলি পাকা ধান কেটে নিয়ে গিয়েছিল বলে অভিযোগ করেন তিনি।
ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করা হলে জলঢাকা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি পর্যালোচনা করে। এদিকে অভিযুক্ত এজিদুল ও ইসরাফিলের কাছে এই বিষয়ে জানতে চাওয়া হলে তারা দাবি করেন যে তাদের জমিতে লাগানো ফসল তারা নিজেরাই তুলে এনেছেন। তবে ভুক্তভোগী পরিবারগুলো এই ঘটনার সঠিক ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন।
এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839