আইসিসির বিডি টোয়েন্টিফোর icrbd24: কুষ্টিয়ার কুমারখালীতে প্রায় ছয় কোটি টাকা মূল্যের সরকারি খাস জমি দখল করে বহুতল ভবন নির্মাণের গুরুতর অভিযোগ উঠেছে ইউনিয়ন জামায়াত আমিরের বিরুদ্ধে। সকল নিয়মনীতি এবং আইনি বাধা উপেক্ষা করে ইতিমধ্যে তিন তলা ফাউন্ডেশন দিয়ে একতলার ছাদ ঢালাইয়ের কাজ সম্পন্ন করা হয়েছে। সাম্প্রতিক সময়ে একটি বেসরকারি টেলিভিশনের অনুসন্ধানী সংবাদে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
অভিযুক্ত জামায়াত নেতার নাম আবু তালেব হোসাইন। তিনি কুমারখালী উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত আফিল উদ্দীনের ছেলে এবং চরসাদিপুর ইউনিয়ন জামায়াতের আমিরের দায়িত্ব পালন করছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি জামায়াতের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রচারণাও চালাচ্ছেন। স্থানীয় পর্যায়ে প্রভাবশালী এই নেতার এমন কর্মকাণ্ডে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আবু তালেব হোসাইন উপজেলার চরসাদিপুর ইউনিয়নের গোবিন্দপুর মৌজায় অবস্থিত সরকারের খাস খতিয়ানভুক্ত প্রায় দুই একর ৮২ শতাংশ জমি নিজের কব্জায় নিয়ে পাকা তিনতলা ভবন নির্মাণ করছেন। এই জমির বর্তমান বাজারমূল্য প্রায় ছয় কোটি টাকা। আদালতের রায় এবং খাস খতিয়ানের বৈধ কাগজপত্র থাকার পরেও তিনি গায়ের জোরে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ স্থানীয়দের।
এলাকাবাসীর ভাষ্যমতে, এই জমি নিয়ে এর আগেও আইনি লড়াই হয়েছে এবং আদালতে প্রমাণিত হয়েছে যে জমিটি সম্পূর্ণ খাস। এখানকার চরের প্রায় সমস্ত জমিতিই খাস খতিয়ানের অন্তর্ভুক্ত। কিন্তু স্থানীয় প্রশাসন ও আইনের তোয়াক্কা না করে আবু তালেব লোকজন নিয়ে এসে জবরদস্তিমূলকভাবে বাড়ি নির্মাণের কাজ শুরু করেছেন। খাস জমিতে এভাবে পাকা স্থাপনা নির্মাণ সম্পূর্ণ অবৈধ হলেও প্রভাবশালী এই নেতার ভয়ে অনেকেই মুখ খুলতে সাহস পাচ্ছেন না।
ভূমি অফিসের নথিপত্র ঘেঁটে দেখা যায়, গোবিন্দপুর মৌজার ১ নম্বর খতিয়ানের আরএস ৬৪ নম্বর দাগে সরকারের খ তফসিলভুক্ত প্রায় দুই একর ৮২ শতাংশ জমি রয়েছে। এই মূল্যবান সম্পত্তি নিজের দাবি করে ২০১৮ সালে কুষ্টিয়ার কুমারখালী জজ আদালতে রেকর্ড সংশোধনী মামলা করেছিলেন চরসাদিপুর ইউনিয়ন জামায়াতের আমির আবু তালেব হোসাইন। মামলার নথিপত্র পর্যালোচনা করে দেখা যায়, বৈধ কাগজপত্র বা শক্ত প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হওয়ায় ২০২৪ সালের ৫ মে সহকারী জজ মো. মেহেদী হাসান দেওয়ানি মামলা নম্বর ১৯৮/২০২৮ বিনা খরচায় খারিজ করে দেন।
নিম্ন আদালতে মামলা খারিজ হয়ে যাওয়ার পর দমে যাননি ওই জামায়াত নেতা। তিনি রায়ের বিরুদ্ধে পুনরায় আপিল করেন, যার নম্বর ১১৭/২৪। বর্তমানে এই সম্পত্তি সংক্রান্ত মামলাটি উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে। আইনগতভাবে কোনো সম্পত্তি নিয়ে আদালতে মামলা চলমান থাকলে সেখানে নতুন কোনো নির্মাণকাজ বা পরিবর্তন আনার সুযোগ না থাকলেও আবু তালেব সেই নিয়মের প্রকাশ্য লঙ্ঘন করে বাড়ির নির্মাণকাজ জোরেশোরে চালিয়ে যাচ্ছেন।
নিজের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে জামায়াত নেতা আবু তালেব হোসাইন জমিটিকে পৈত্রিক সম্পত্তি বলে দাবি করেন। তিনি সাফাই গেয়ে বলেন যে এই জমিতে তার আরএস রেকর্ড না থাকলেও বিএস রেকর্ড রয়েছে। বিষয়টি বর্তমানে বিচারাধীন রয়েছে এবং আরএস সংশোধনের জন্য তারা আদালতে মামলা করেছেন যা এখনও চলমান আছে বলে জানান তিনি।
গোটা এই পরিস্থিতির বিষয়ে জানতে চাইলে কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার স্পষ্ট জানিয়েছেন যে খাস জমিতে কোনো ধরনের বাড়ি নির্মাণের আইনি সুযোগ নেই। ওই জায়গার মালিকানা এবং বর্তমান আইনি অবস্থা সম্পর্কে উপজেলা প্রশাসন পুরোপুরি অবগত রয়েছে। তবে জনবল সংকটের কারণে জমির মাপজোখের কাজ কিছুটা বিলম্বিত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। খুব দ্রুতই প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করে সরকারি জমি দখলমুক্ত করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে।
এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839