আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: কক্সবাজারের রামুতে পরিচালিত পৃথক দুটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এসব অভিযানে মোট ৫৯ হাজার ৭৭৫ পিস ইয়াবা, মাদক পরিবহনে ব্যবহৃত দুটি সিএনজি চালিত অটোরিকশা এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে রামু থানাধীন ফতেখারকুল চৌমুহনী সংলগ্ন এলাকায় প্রথম অভিযানটি পরিচালনা করে এসআরবি-১৫। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা, একটি সিএনজি অটোরিকশা ও দুটি মোবাইল ফোনসহ মো. শফি আলম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ৪২ বছর বয়সী মো. শফি আলম বান্দরবানের নাইক্ষ্যংছড়ির মৃত শহর আলী ও মৃত গুলবাহার দম্পতির সন্তান।
পরবর্তীতে একই দিন দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে ফতেখারকুল চৌমুহনী সংলগ্ন ৩ নম্বর ওয়ার্ড এলাকায় দ্বিতীয় অভিযানটি চালায় আভিযানিক দল। এই অভিযানে ২৯ হাজার ৭৭৫ পিস ইয়াবা, একটি সিএনজি অটোরিকশা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ সময় মো. ইউনুছ নামে ২০ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার করা হয়। তিনি নাইক্ষ্যংছড়ির মো. শফি আলম ও আরেফা বেগম দম্পতির সন্তান।
এসআরবি-১৫-এর পক্ষ থেকে জানানো হয়েছে, আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের উদ্দেশ্যে তাদের রামু থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকদ্রব্য পাচার প্রতিরোধ ও অপরাধ দমনে তাদের কঠোর জিরো টলারেন্স নীতি এবং অভিযানিক তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রেস রিলিজে উল্লেখ করা হয়।
এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839