আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: একাত্তরের চেতনাবিরোধী শক্তি আর স্বাধীনতার বিরোধীদের সাথে যারা হাত মেলায়, তাদের বিরুদ্ধে দেশবাসীকে সজাগ থাকতে হবে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। একই সাথে ক্ষমতা ও নিজেদের স্বার্থের জন্য যারা দেশের উন্নয়ন ও সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে চক্রান্ত করছে, তাদের বিরুদ্ধে সজাগ থাকার তীব্র আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার বেংহাড়ী ইউনিয়নের বোয়ালমারী বারুনী এলাকায় করতোয়া নদীর ২৩০ মিটার নদী তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সমবেত মানুষের উদ্দেশ্যে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, ১৯৭১ সালে যারা স্বাধীনতার বিরোধী ছিল এবং দেশের স্বাধীনতাকে মেনে নিতে চায়নি, আজ তারাই দেশের সার্বিক উন্নয়ন থমকে দিতে এবং বর্তমান সরকারকে বিব্রত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এই স্বাধীনতার শত্রুদের সাথে নিয়ে তারা এখনো গোপন চক্রান্ত চালিয়ে যাচ্ছে, যা প্রতিরোধে সাধারণ মানুষকে সতর্ক থাকতে হবে।
বক্তব্যকালে প্রতিমন্ত্রী বিএনপির রাজনৈতিক ও ঐতিহাসিক ভূমিকার কথা বিস্তারিতভাবে তুলে ধরেন। তিনি বলেন, ১৯৭১ সালে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, সরাসরি যুদ্ধ করেছিলেন এবং পরবর্তীতে দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিয়েছিলেন। শুধু তাই নয়, ১৯৯০ সালে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম এবং সম্প্রতি ২০২৪ সালের ছাত্র-জনতার ঐতিহাসিক আন্দোলনকেও সফল করতে বিএনপি অগ্রণী ভূমিকা পালন করেছে।
জামায়াত, ইসলামী আন্দোলনসহ অন্যান্য রাজনৈতিক দলের কথা উল্লেখ করে তিনি পরিষ্কার করে বলেন, এসব দলের সাথে বিএনপির মৌলিক ও আদর্শিক পার্থক্য রয়েছে। বিএনপি সব সময় দেশের জাতীয় স্বার্থ, গণতন্ত্র, দেশের সার্বভৌমত্ব এবং দেশের প্রায় ২০ কোটি মানুষের মৌলিক অধিকার বাস্তবায়নের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছে। নানা সময়ে দলের বিরুদ্ধে একাধিক ষড়যন্ত্র হলেও বিএনপি কখনো কারো সাথে কোনো আপস করেনি।
সরকারের নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি জানান, দলীয় প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ না থাকলেও, বৃহত্তর দেশের স্বার্থে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ সকল ধর্ম ও বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষকে নিজ নিজ এলাকার যোগ্য প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এর আগে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ করতোয়া নদী ভাঙন এলাকা ঘুরে দেখেন এবং প্রকল্পটির আনুষ্ঠানিক নামফলক উন্মোচন করেন। উদ্বোধন শেষে তিনি স্থানীয়দের অংশগ্রহণে আয়োজিত এক সুধী ও আলোচনা সভায় যোগ দেন। এ সময় পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় থানা পুলিশ, জেলা ও উপজেলা বিএনপির অঙ্গ-সংগঠনের নেতাকর্মী এবং এলাকার সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839