আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে শান্তি প্রতিষ্ঠা, সামাজিক সম্প্রীতি জোরদার এবং সম্ভাব্য যেকোনো দুর্যোগ মোকাবিলায় তরুণদের ভূমিকা বাড়াতে একটি গুরুত্বপূর্ণ পরামর্শ ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ইউথ-লেড পিসবিল্ডিং অ্যান্ড সোশ্যাল কোহেশন ইনিশিয়েটিভস ইন বাংলাদেশ অ্যান্ড মায়ানমার প্রকল্পের অধীনে এই আয়োজন করা হয়। ইউরোপীয় ইউনিয়নের বিশেষ অর্থায়নে এ কর্মসূচির আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা শেড এবং অ্যাকশনএইড। বৃহস্পতিবার সকাল দশটায় হ্নীলা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত এই কর্মসূচিতে এলাকার তরুণ সমাজকে ঐক্যবদ্ধ করার পাশাপাশি সমাজসেবামূলক কাজে উদ্বুদ্ধ করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী। সভায় সভাপতিত্বের দায়িত্ব পালন করেন শেড-এর প্রজেক্ট কো-অর্ডিনেটর এরশাদুল ইসলাম এবং পুরো কার্যক্রমটি অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করেন শেড-এর প্রতিনিধি আসিফ তাইজুল। কর্মসূচিতে এলাকার বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং স্থানীয় সামাজিক নেতৃত্ব অংশ নেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন হ্নীলা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য রাহামা আক্তার, পিস বিল্ডার মোহাম্মদ ইমরান, হ্নীলা মৌলভীবাজার জমিরিয়া আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা শামসুল হক এবং হ্নীলা চৌধুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুদ্দিন। এ ছাড়া স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধি হিসেবে রাখাইন সম্প্রদায়ের সভাপতি মংটি অং, স্থানীয় বেসরকারি সংস্থা উদয়ের প্রতিষ্ঠাতা মোহাম্মদ সোহেল, উন্নয়ন সংস্থা সে-এর প্রতিনিধি আলম মোহাম্মদ রাসেল এবং সোজেলা মহিলা সমিতি কক্সবাজারের প্রতিনিধি সুমাইয়া তাদের বক্তব্য তুলে ধরেন।
কর্মসূচীর অন্যতম মূল আকর্ষণ ছিল হ্নীলা ইউনিয়নের তরুণদের সরাসরি অংশগ্রহণ। উক্ত আয়োজনে ইউনিয়নের মোট ৫২ জন যুব পিস বিল্ডার সক্রিয়ভাবে অংশ নেন। তারা যৌথভাবে অঙ্গীকার ব্যক্ত করেন যে, এলাকার যেকোনো স্থানে এবং যেকোনো সময় যদি কোনো মানবিক সংকট বা প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়, তবে তারা কালবিলম্ব না করে স্বেচ্ছায় সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়াবেন। একই সাথে তারা সামাজিক উন্নয়ন ও যে কোনো সহযোগিতামূলক কার্যক্রমে এক হয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানের আমন্ত্রিত বক্তারা তাদের বক্তব্যে যুবসমাজের ইতিবাচক শক্তির প্রশংসা করেন। তারা উল্লেখ করেন যে, একটি সুন্দর ও সহনশীল সমাজ গঠনে তরুণদের অবদান অপরিসীম। তরুণ সমাজকে যদি শান্তি প্রতিষ্ঠা, সামাজিক সম্প্রীতি রক্ষা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং জনসেবামূলক কাজে সঠিকভাবে সম্পৃক্ত করা যায়, তবে স্থানীয় পর্যায়ে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যের ভিত্তি অনেক বেশি মজবুত হবে। এই ধরনের উদ্যোগ সমাজকে আরো দায়িত্বশীল করে তুলবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। দিনব্যাপী এই ফলপ্রসূ ও গঠনমূলক আলোচনা পর্বটি শেষ হওয়ার পর অনুষ্ঠানে আগত সকল অংশগ্রহণকারীদের জন্য মধ্যাহ্নভোজের বিশেষ ব্যবস্থা করা হয়।
এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839