আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: রংপুরের গংগাচড়ায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি শিক্ষার্থী ও শিক্ষকদের যাতায়াতের একমাত্র ছোট রাস্তায় জোরপূর্বক গাছ লাগানোর এক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। এতে করে বিদ্যালয়ে যাতায়াতের একমাত্র পথটি অবরুদ্ধ হয়ে পড়েছে এবং শিক্ষক-শিক্ষার্থীদের স্বাভাবিক চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এ ঘটনায় প্রতিকার ও চলাচলের পথ সুগম করার দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
মঙ্গলবার গংগাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে চারআনি সাতআনি ধনীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ দেল আখতার বানু এই লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগে উল্লেখ করা হয়, গত ২৬ সেপ্টেম্বর বিদ্যালয়ের সংলগ্ন এলাকার বাসিন্দা মোঃ বারাকাত আলী দুদু কাউকেই কিছু না জানিয়ে হুট করে বিদ্যালয়ে প্রবেশের একমাত্র যাতায়াতের রাস্তায় বেশ কয়েকটি গাছ লাগিয়ে দেন। ফলে আকস্মিকভাবে শিক্ষক ও খুদে শিক্ষার্থীদের চলাচলে বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয়। বিশেষ করে কোমলমতি শিশুদের বিদ্যালয়ে যাতায়াতে প্রতিদিন চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
অভিযোগপত্রে প্রধান শিক্ষক আরও উল্লেখ করেন, এর আগে সরকারি বরাদ্দে বিদ্যালয়ের মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নকে কেন্দ্র করে অভিযুক্ত ওই ব্যক্তির সাথে কথা-কাটাকাটি হয়। সেই সময় তিনি উপস্থিত শিক্ষকদের সাথে অত্যন্ত বিরূপ ও অসংবেদনশীল আচরণ করেন এবং বিভিন্ন ধরনের হুমকি-ধামকি প্রদান করেন। উদ্ভূত এই পরিস্থিতিতে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে পরামর্শ ও আলোচনা করেই উপজেলা প্রশাসনের কাছে এই লিখিত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিদ্যালয়ে স্বাভাবিক যাতায়াতের পরিবেশ ফিরিয়ে আনতে বিষয়টি দ্রুত তদন্ত করে আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান তিনি।
এদিকে চলাচলের রাস্তায় গাছ লাগানোর বিষয়ে অভিযুক্ত বারাকাত আলী দুদুর বক্তব্য জানতে চাওয়া হলে তিনি পুরো বিষয়টি নিজের দাবিকৃত জমির ওপর ভিত্তি করে ব্যাখ্যা করেন। তিনি জানান, যে রাস্তায় গাছ লাগানো হয়েছে সেই জমিটি মূলতঃ তাদের নিজস্ব সম্পদ। দীর্ঘদিন ধরে শিক্ষক ও শিক্ষার্থীরা এই পথ দিয়ে যাতায়াত করলেও তারা কখনও কোনো প্রকার বাধা সৃষ্টি করেননি। তবে যেহেতু জমির মালিকানা তাদের, তাই নিজের জায়গায় তারা গাছ রোপণ করেছেন বলে তিনি দাবি করেন।
অন্যদিতে ঘটনাটির সত্যতা ও প্রশাসনিক পদক্ষেপের বিষয়ে জানতে চাইলে গংগাচড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শায়লা জেসমিন সাঈদ বলেন, চারআনী সাতানী ধনীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চলাচলের রাস্তায় গাছ রোপণ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ তারা পেয়েছেন। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে বিস্তারিত আলোচনা সাপেক্ষে দ্রুততম সময়ে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839