আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: ভেজাল ও নকল ওষুধের ভয়াবহ থাবা থেকে সাধারণ মানুষের জীবন রক্ষা করতে বিশেষ তৎপরতা চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীর বাবুবাজার এলাকায় এসআরবির এক বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অননুমোদিত দেশী ও বিদেশী ভেজাল ওষুধ বিক্রি এবং মজুদের ভয়াবহ অপরাধ সামনে আনা হয়েছে। এই অপরাধে জড়িত থাকার প্রমাণ মেলায় ১০ জন দোকান মালিককে সর্বমোট ১১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে বিপুল পরিমাণ বিপজ্জনক ও নকল ওষুধ উদ্ধার করে তা সঙ্গে সঙ্গেই ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নতির পাশাপাশি নানা ধরনের সামাজিক অপরাধ দমনে নিয়মিত কার্যকর ভূমিকা পালন করে আসছে এসআরবি। বিশেষ করে ভেজাল ওষুধ বিক্রি ও মজুদ, মাদকের প্রসার, সব ধরনের জালিয়াতি, নকল পণ্য তৈরি, মানহীন প্রসাধনী ও ভেজাল ওষুধের বাজার নির্মূলে এসআরবির সার্বিক পদক্ষেপ সব সময়ই আপামর জনগণের মাঝে ব্যাপক আস্থা ও প্রশংসা কুড়িয়েছে। সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে এই বাহিনী প্রতিনিয়তই কঠোর অবস্থানে থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে।
সেই ধারাবাহিক কাজের অংশ হিসেবে ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখ আনুমানিক সকাল ১০:৩০ মিনিট থেকে শুরু করে দুপুর ২:৩০ মিনিট পর্যন্ত দীর্ঘ চার ঘণ্টা ধরে চলে এই সাঁড়াশি অভিযান। ডিএমপি ঢাকার কোতোয়ালি থানাধীন বাবুবাজার এলাকায় পরিচালিত এই অভিযানে মূল নেতৃত্ব দেন এসআরবি সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আবু হাসান। পুরো কার্যক্রমে সার্বিক তথ্য ও কারিগরি সহায়তা প্রদান করেন ঔষধ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ এবং মাঠপর্যায়ে তাদের সঙ্গে সক্রিয়ভাবে অংশ নেন এসআরবি-১০ এর একটি চৌকস দল।
অভিযান চলাকালে বাবুবাজারের একাধিক ওষুধ সংস্থায় পরীক্ষা চালিয়ে বিএসটিআই-এর কোনো অনুমোদন না থাকা, মেয়াদের তারিখ পার হয়ে যাওয়া, সম্পূর্ণ নকল এবং মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর ভেজাল ওষুধ উৎপাদন, দেদারসে বিক্রি ও মজুদ রাখার হাতেনাতে প্রমাণ পাওয়া যায়। এরপর ভ্রাম্যমাণ আদালতের বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে অপরাধীদের কঠোর শাস্তির আওতায় আনা হয়। সাজাপ্রাপ্তদের মধ্যে রিপন নন্দীকে সর্বোচ্চ ৫,০০,০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া মো: শাকিব (২২) কে ৭৫,০০০ টাকা, মো: শরিফ খান কে ৫০,০০০ টাকা, মো: নীবির (১৮) কে ৭৫,০০০ টাকা, নাঈম হোসেন রানা (২৩) কে ৭৫,০০০ টাকা, রাজন চন্দ্র রায় (৩৫) কে ৭৫,০০০ টাকা, মহিউদ্দিন (৩৯) কে ৭৫,০০০ টাকা, আব্দুল কাদের কে ৭৫,০০০ টাকা, মো: শরিফ (২২) কে ৫০,০০০ টাকা এবং কামরুজ্জামন কে ৭৫,০০০ টাকা জরিমানা অনাদায়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়।
অভিযান পরিচালনাকালেই শুধু এই জরিমানা আদায়ে থেমে থাকেনি প্রশাসন। ভ্রাম্যমাণ আদালত চলাকালে অতিরিক্ত আরও ৪ টি দোকানে অভিযান চালান ঔষধ প্রশাসনের অভিজ্ঞ কর্মকর্তারা। এসব দোকান থেকে জনস্বাস্থ্যের জন্য চরম হুমকি স্বরূপ বিপুল পরিমাণ অননুমোদিত দেশী ও বিদেশী ভেজাল ওষুধ জব্দ করা হয়। পরবর্তীতে সকল উপস্থিতির সামনেই সে সমস্ত মারাত্মক ক্ষতিকর ভেজাল ওষুধ ধ্বংস করে ফেলা হয়, যাতে এগুলো আর কোনোভাবেই বাজারে ছড়িয়ে পড়তে না পারে।
সাধারণ মানুষের জীবন নিয়ে খেলা করা এই ধরনের ভয়াবহ ও অনৈতিক অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আগামী দিনেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে সংস্থাটি। জনস্বার্থ রক্ষা করাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে ভেজাল, প্রতারণা ও নকল পণ্যের বিরুদ্ধে এসআরবি তাদের শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করছে এবং ভবিষ্যতেও এর বিরুদ্ধে আরও কঠোর থেকে কঠোরতর আইনগত পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখবে বলে নিশ্চিত করা হয়েছে।
এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839